ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অসুস্থতার কারণে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে কারা কর্তৃপক্ষ আদালতে হাজির করতে না পারায় গ্যাটকো দুর্নীতি মামলায় তার রিমান্ড আবেদনের শুনানির তারিখ পিছিয়েছে।
বুধবার মহানগর হাকিম মো. মিজানুর রহমান কোকোর সুস্থতা সাপেক্ষে আগামী ২৯ অক্টোবর রিমান্ড আবেদনের শুনানির নতুন তারিখ দেন।
গ্যাটকো মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ পরিচালক জহিরুল হুদা গত ২২ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে কোকোর সাত দিনের রিমান্ডের আবেদন করেন। পরে আদালত বুধবার রিমান্ডের বিষয়ে শুনানির দিন ধার্য করেন।
এর আগে একই মামলায় কোকোকে গত ৩ সেপ্টেম্বর সাত দিনের রিমান্ডে নেওয়া হলেও অসুস্থতার কারণে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই ৫ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্যাটকোকে দেওয়ার অভিযোগে ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলাটি ১৭ সেপ্টেম্বর জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা হয়।
মামলার অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী, সাবেক নৌ পরিবহনমন্ত্রী আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনসার, তার ছেলে ইসমাইল হোসেন সায়মন, গ্যাটকোর পরিচালক এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এ এস এম শাহাদত হোসেন, সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেন, সাবেক প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহম্মেদ আবুল কাশেম, সাবেক সদস্য লুৎফুল কবীর, গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) পরিচালক সৈয়দ তানভীর আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ।
দুর্নীতির ঘটনায় সরকারের এক হাজার কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
গত ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এসএইচ/২১১৬ ঘ.
bdnews24