ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে বুধবার এক লাখ ৩৭ হাজার পাঁচশ টন ইউরিয়া সার ও ৩৭ টন ফসফরিক এসিড আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ৫০৪ কোটি টাকা।
কমিটির সদস্য আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
মইনুল হোসেন পরে সাংবাদিকদের বলেন, "দেশে বর্তমানে চার লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সারের মজুদ রয়েছে। মজুদের পরিমাণ আরও বাড়ানোর জন্য নতুন করে সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।"
দেশে সার মজুদের কোনো ঘাটতি নেই দাবি করে তিনি বলেন, "সমস্যা রয়েছে বিতরণে। আন্তর্জাতিক বাজারে সারের দাম বৃদ্ধি ও সঙ্কট থাকলেও আমাদের দেশে সারের কোনো সঙ্কট নেই।"
চট্টগ্রামে গত বছর চালু হওয়া ডিওপি প্ল্যান্টের জন্য কাঁচামাল হিসেবে ৩৭ টন ফসফরিক এসিড আমদানি করা হবে বলেও জানান তিনি।
কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দেশে চলতি বছর সারের মোট চাহিদা প্রায় ২৮ লাখ টন। দেশের ছয়টি সার কারখানা থেকে সারের উৎপাদন হবে ১৭ লাখ টন সার। বাকি ১১ লাখ টন আমদানি করা হবে।
সভায় যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন, শিল্প উপদেষ্টা গীতিয়ারা সাফিয়া চৌধুরি, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/আরএ/এসএনডি/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24