ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- স্বল্পোন্নত দেশ হিসাবে বাংলাদেশের গঠনমূলক ও অগ্রণী ভূমিকা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হওয়ায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর ফোরামের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ,পররাষ্ট্র উপদেষ্টা বুধবার সিরডাপ মিলনায়তনে কর্মজীবী নারী'র উদ্যোগে বিশ্ব বাণিজ্য চুক্তিমালার ওপর বাংলায় অনুদিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা বুঝাতে চেষ্টা করছি ,বিশ্বায়নের ফল যে অসম প্রতিযোগিতার সৃষ্টি করেছে সেখানে স্বল্পোন্নত দেশগুলোর আয়ের বন্টন, কর্মসংস্থান ও উৎপাদন - এসব চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্রঋণ ও দারিদ্য্র বিমোচনে বিশেষ ভূমিকা রাখছে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভের পর থেকেই আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ জাতীয় স্বার্থ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখছে।
তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তিগুলোর বাংলা অনুবাদ সংশ্লিষ্ট সবার সচেতনতা বৃদ্ধি ও জ্ঞানের প্রসার ঘটিয়ে আমাদের সমন্বিত প্রচেষ্টাকে আরো বেগবান করে তুলবে।
কর্মজীবী নারী'র সভাপতি শিরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন বিশ্ব বাণিজ্য সংস্থায় নিয়োগ প্রাপ্ত রাষ্ট্রদূত ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অ্যাডভোকেট হামিদা হোসেন, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় কমিশনের ট্রেড প্রোগ্রাম ম্যানেজার জেনি ক্রিস্টেনসেন ও এফবিসিসিআই এর মঞ্জুর আহমেদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএ/১৫৪২ঘ.
bdnews24