ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরকার জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমানের এক মাসের ছুটি মঞ্জুর করেছে। নিয়মানুযায়ী ছুটি মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি হয়েছেন।
সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার তার ছুটি মঞ্জুর সংক্রান্ত আদেশ জারি করে।
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এই চেয়ারম্যান স্বেচ্ছা অবসরে যাওয়ার আগ্রহ প্রকাশ করে ২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত এক মাসের অর্জিত ছুটির আবেদন করেছিলেন।
১৮ অক্টোবর বদিউর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়। বদলির আদেশ পাওয়ার পর নতুন কর্মস্থলে যোগ না দিয়ে তিনি স্বেচ্ছা অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সরকারের কাছে আবেদন করেন।
স্বেচ্ছা অবসরের যাওয়ার এক মাস আগে সংস্থাপন মন্ত্রণালয়কে অবহিত করার বিধান রয়েছে। এই এক মাস যাতে নতুন কর্মস্থলে যোগদান করতে না হয় সে কারণে তিনি ছুটির আবেদন করেন।
ছুটি থাকাবস্থায় যাতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে নতুন কাউকে নিয়োগ দেয়া যায় অথবা একই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কোন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব হিসাবে দায়িত্ব দেয়া সম্ভব হয় সে কারণে বিধান অনুযায়ী তাকে ওএসডি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24