ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে ৫০ টি 'ইয়াবা'সহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আটকদের মধ্যে একজন টিভি মডেল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে আবু শাহেদ ওরফে শাহেদ বিশ্বাস (২৮), ইসমাইল হোসেন (৩০) এবং কামরুজ্জামান (৩০)। এদের মধ্যে শাহেদ বিশ্বাস কয়েকটি পণ্যের টিভি বিজ্ঞাপনের মডেল বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। তারা আরো বলেছেন, শাহেদ কুষ্টিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কমিশনার আশরাফ বিশ্বাসের ছেলে। ইসমাইল মোবাইল রিপেয়ারকর্মী এবং কামরুজ্জামান সাবেক ঠিকাদার বলে কর্মকর্তারা জানান।
অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফজলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল থেকে সারা দিন চেষ্টা চালিয়ে ফাঁদ পেতে ইয়াবাসহ এদের গ্রেপ্তার করা হয়।
ফজলুর রহমান জানান, সকালে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের মোবাইলে ফোন করে ১০০ টি ইয়াবার অর্ডার দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ট্যাবলেটগুলো বুঝে নেওয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ছদ্মবেশে নিউ সার্কুলার রোডের একটি বাড়িতে যান। এ সময় উল্লিখিত ৩ জন ৫০টি ইয়াবা বের করে দিলে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে চক্রের মূল হোতাদের ধরার জন্য রাতেই আবার অভিযানে নামা হবে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জানান।
এর আগে ১৮ অক্টোবর র্যাব সদস্যরা রাজধানীর গুলশান ও বনানী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা এবং বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যসহ বিত্তশালী পরিবারের ছয় সন্তানকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি বিলাসবহুল বিএমডব্লিউ এবং একটি পোরশে গাড়িসহ বিপুল পরিমাণ পর্নো ছবি ও যৌনকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২২৪২ঘ.
bdnews24