ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও ঢাকা সিটি কর্পোরেশনে (ডিসিসি) কাজ শুরু করেছে টাস্কফোর্স সদস্যরা।
সোমবার লে. কর্নেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের নেতৃত্বে একটি দলের আকস্মিক পরিদর্শনের পরদিন টাস্কফোর্স ডিসিসিতে কাজ শুরু করল।
মঙ্গলবার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কার্যালয় ও ঢাকা সিটি কর্পোরেশনে গিয়ে ভবনের প্রধান গেট এবং আশেপাশে সেনা সদস্যদের সতর্ক প্রহরায় দেখা যায়। ভেতরে টার্স্কফোসের সদস্যরা বিভিন্ন দাপ্তরিক কাজ করছিলেন। টাস্কফোর্স সদস্যরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সভাও করেন।
প্রতিষ্ঠানদুটিতে কর্তব্যরত নাম প্রকাশে অনিচ্ছুক টাস্কফোর্স কর্মকর্তারা জানান, তারা এইসব প্রতিষ্ঠানকে গতিশীল করতে কাজ করছেন। ইতিপূর্বে কোনো অনিয়ম হয়ে থাকলে সেগুলোও তারা খতিয়ে দেখবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে ।
সোমবার টাস্কফোর্স ডিসিসিতে গিয়ে মেয়র সাদেক হোসেন খোকার সঙ্গে আলোচনার পর সেখানে তাদের কাজ করার জন্য একটি কক্ষও বরাদ্দ হয়েছিল। একই দিন সকালে লে.কর্র্নেল আব্দুল খালেকের নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল হাইকোর্টের সামনে অবস্থিত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কাজ শুরু করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/এসকে/২১১৭ঘ.
bdnews24