ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি দমন কমিশনকে 'স্ব-শাসিত' করার জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে কমিশন।
মঙ্গলবার কমিশনের সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন এতদিন শুধু 'স্বাধীন' ও 'নিরপেক্ষ' ছিল। কিন্তু এর 'মর্যাদা' সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা ছিলনা। এখন একে 'স্ব-শাসিত' করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য মঙ্গলবার একটি প্রস্তাব মন্ত্রীপরিষদ বিভাগে পাঠানো হয়।
কমিশন স্ব-শাসিত হলে কাজের সুবিধা হবে বলে দুদক সচিব মন্তব্য করেন। তিনি বলেন, স্ব-শাসিত হলে দুদকের নিয়োগ এবং চাকরি বিধি নিজেদের চাহিদামত প্রণয়ন করাসহ অন্যান্য কাজে সুবিধা হবে। এছাড়া, দুদকের শৃঙ্খলা ব্যবস্থাও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, কমিশনের প্রস্তাবিত চাকরি বিধি ও নিয়োগ বিধি অনুমোদন করতে গিয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের নীতিমালার সঙ্গে কিছু জায়গায় বিরোধ দেখা গেছে। যেমন, সংস্থাপন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী চুক্তি ভিত্তিক নিয়োগের কোনো বিধান নেই। কিন্তু কমিশন স্ব-শাসিত হলে এ সমস্যা থাকছে না। কমিশন প্রস্তাবিত নিয়োগ বিধিতে চুক্তিভিত্তিক নিয়োগের বিধান রাখার প্রস্তাব রয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ৩ এর ২ ধারায় বলা আছে - 'কমিশন স্বাধীন ও নিরপেক্ষ হবে।' চলতি বছর দুদক আইনের কিছু সংশোধনী আনা হলেও 'স্ব-শাসিত' করার বিষয়ে উদ্যোগ এটাই প্রথম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/টিএইচ/এমএ/২০৪৪ঘ.
bdnews24