২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রধান বন সংরক্ষক মুন্সী আনোয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

দাখিল করা সম্পত্তির হিসেবে মিথ্যা তথ্য দেওয়া ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বন সংরক্ষক মুন্সী আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক এর সহকারী পরিচালক এস এম শাহীদুর রহমান বাদী হয়ে মঙ্গলবার দুপুরে রমনা থানায় মামলাটি দায়ের করেন। রমনা থানার সহকারী উপ-পরিদর্শক ওহিদুজ্জামান জানান, মামলার অভিযোগে বলা হয়েছে আনোয়ারুল ইসলাম তার চাকরি জীবনে ৩০ লাখ ৪৮ হাজার ৯৮৩ টাকা উপার্জন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 01:09 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দাখিল করা সম্পত্তির হিসেবে মিথ্যা তথ্য দেওয়া ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বন সংরক্ষক মুন্সী আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক এর সহকারী পরিচালক এস এম শাহীদুর রহমান বাদী হয়ে মঙ্গলবার দুপুরে রমনা থানায় মামলাটি দায়ের করেন। রমনা থানার সহকারী উপ-পরিদর্শক ওহিদুজ্জামান জানান, মামলার অভিযোগে বলা হয়েছে আনোয়ারুল ইসলাম তার চাকরি জীবনে ৩০ লাখ ৪৮ হাজার ৯৮৩ টাকা উপার্জন করেছেন। এর মধ্যে তার পাঁচ ছেলে-মেয়ের লেখাপড়া, বিয়ে ও সাংসারিক খরচ দিয়ে আর কিছু জমা থাকার কথা নয়। এর মধ্যে শুধু তিন ছেলে-মেয়েকে স্নাতক পর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি মেডিক্যাল কলেজে পড়াতে টিউশন ফি বাবদ তিনি খরচ করেছেন ৯ লাখ ৯২ হাজার টাকা। এছাড়া, দুদকে দাখিল করা সম্পত্তির হিসেবে তিনি ৮২ লাখ ৪৫ হাজার ছয়শ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। পাশাপাশি তার ২ কোটি ৫৯ লাখ টাকার সম্পদ অর্জনের কোনো উৎস পাওয়া যায়নি। মুন্সী আনোয়ার ১৯৭৩ সালে বনবিভাগে যোগ দেন। ২০০২ সালের ২৯ অক্টোবর তিনি উপ-প্রধান বন সংরক্ষক ও ২০০৪ সালের ২৯ জানুয়ারি থেকে প্রধান বন সংরক্ষকের দায়িত্ব পালন করেন। ২০০৫ সালের ৩০ আগস্ট তিনি অবসরে যান। আনোয়ারুল ইসলাম এখন কারাগারে আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএনডি/এসকে/১৯০০ঘ.