ফেনী, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বহিষ্কারাদেশ তুলে নিতে দলীয় নেতৃত্বের প্রতি হুমকি দিয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক সাংসদ জয়নাল হাজারী। তিনি বলেছেন, তার বহিষ্কারাদেশ তুলে নেয়া না হলে দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।
অজ্ঞাত স্থান থেকে মঙ্গলবার পাঠানো এক ফ্যাক্সবার্তায় তিনি এ হুমকি দেন।
জয়নাল হাজারী স্বাক্ষরিত ওই ফ্যাক্সবার্তায় বলা হয়, "আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির আগামী সভায় আমিসহ বহিষ্কৃত অপর নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে দেশের দক্ষিণাঞ্চলে দলের সাইন বোর্ড নেমে যাবে।"
ছোট বোন খোদেজা বেগমের গ্রেপ্তারের বিষয়টি গর্বের উল্লেখ করে হাজারী বলেন, "আমার পরিবারের হাজার বছরের ইতিহাসে আমার বোনই প্রথম নারী যিনি কারাবরণ করছেন। এটা তার জন্য অত্যন্ত গৌরবের বিষয়।"
বোনের মুক্তির জন্য আইনি লড়াই চালানোর বিষয়ে তিনি বলেন, "হাসিনা-খালেদার মুক্তির পর বোনের জন্য আইনি লড়াই করা যাবে।"
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগে জয়নাল হাজারী ও খোদেজা বেগমের বিরুদ্ধে গত ২ অক্টোবর ফেনী সদর থানায় দুর্নীতি দমন কমিশন একটি মামলা করে। সেদিনই খোদেজা বেগমকে গ্রেপ্তার করা হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী খোদেজা বেগম ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনে ফেনী-২ আসনে ১৪ দলের প্রার্থী ছিলেন।
ফ্যাক্সবার্তায় হাজারী বলেন, "কারাগারে আমার বোনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাই সংবাদপত্রের মাধ্যমে তাকে বলবো, এ মুহূর্তে বের হওয়ার জন্য আইনি লড়াইয়ের প্রয়োজন নেই। চুপচাপ ধর্মকর্ম কর এবং বই পড়ে জ্ঞান অর্জন কর।"
তিনি বলেন, "সেনাপ্রধান বঙ্গবন্ধুকে জাতির পিতা বলেছেন। তাহলে সরকারি ঘোষণায় কেন বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্থপতি বলা হচ্ছে? বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।"
'জাতির পিতা'র সম্মানে বিচারের আগে তার কন্যাকে(শেখ হাসিনাকে) আটক রাখা সমীচীন নয় বলে মন্তব্য করেন জয়নাল হাজারী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৭ ঘ.
bdnews24