ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিতব্য সার্ক স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেওয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল মঙ্গলবার দুপুরে ঢাকা ত্যাগ করেছেন।
মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে উপদেষ্টা বাংলাদেশের নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে রয়েছেন স্বরাষ্ট্র সচিব মো. আবদুল করিম, মহাপুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মজিবুর রহমান, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী ইমতিয়াজ হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপসচিব জাবেদ আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক এম রিয়াজ হামিদুল্লাহ ও উপদেষ্টার সহকারী একান্ত সচিব শের আলী।
সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও উপদেষ্টা ভারতের কেন্দ্রীয় পল্লী উন্নয়ন মন্ত্রী এবং শ্রম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গেও তিনি বৈঠক করবেন।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত নয়াদিল্লীতে সার্কভুক্ত দেশের স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধানদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএআর/জিএনএ/১৭২০ ঘ.
bdnews24