বিপ্লব রহমান
সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দেশের ১৪টি এলাকায় এ পর্যন্ত ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। এসব এলাকায় ভোটার হয়েছেন ২৮ লাখ ৮২ হাজার ৫৮৮ জন। এর মধ্যে প্রায় ১০ লাখ ৩৪ হাজার ভোটারকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এবার সারাদেশে মোট ভোটারের সংখ্যা হবে প্রায় ৯ কোটি। এই হিসেবে এ পর্যন্ত ৩ দশমিক ২২ শতাংশ মানুষ ভোটার হয়েছেন।
২২ জানুয়ারি বাতিল হওয়া নির্বাচনের ভোটার তালিকার অনুপাতে এবার ভোটারের সংখ্যা কিছু কম হবে জানিয়ে শাহাদাত হোসেন বলেন, "ছবিসহ ভোটার তালিকা প্রকল্পে দ্বৈত ভোটার ও ভুয়া ভোটার হওয়ার কোনো সুযোগ নেই।"
এর আগে আজিজের তালিকায় ভোটারের সংখ্যা ছিলো ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।
নির্বাচন কমিশন গত ১০ জুন শ্রীপুর পৌরসভায় পরীক্ষামূলকভাবে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ শুরু করে।
শাহাতাদ হোসেন বলেন, "আগামী নভেম্বর থেকে সারাদেশে ব্যাপক আকারে ভোটার তালিকা তৈরির কাজ চলবে। ঢাকায় কর্মজীবী মানুষের সংখ্যা বেশি বলে এখানে রাতের বেলায়ও কাজ চলবে।"
প্রকল্প পরিচালক জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন, পবা উপজেলা, বগুড়া পৌরসভা, ময়মনসিংহ পৌরসভা, ময়মনসিংহ সদর, চট্টগ্রামের রাউজান পৌরসভা, সীতাকুণ্ড পৌরসভা, কুমিল্লা সদর, কুমিল্লা পৌরসভা, সুনামগঞ্জের তাহিরপুর পৌরসভা, খুলনা সিটি করপোরেশন, রংপুর পৌরসভা, সাভার পৌরসভা ও শ্রীপুর পৌরসভায় ভোটার তালিকা তৈরির কাজ শেষ হয়েছে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাউজান সদর, সীতাকুণ্ড সদর, সিলেট সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, খুলনার রূপসা উপজেলা, যশোর পৌরসভা, লালমনিরহাট পৌরসভা, রংপুর সদর, গাজীপুর পৌরসভা এবং সাভার উপজেলায় ভোটার তালিকা তৈরির কাজ চলছে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন মঙ্গলবার তার কার্যালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিকরা তাদের বাসস্থান, কর্মস্থান বা স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে এবার ভোটার হতে পারবেন।
তিনি বলেন, "বাসস্থান, কর্মস্থান ও স্থায়ী ঠিকানা- এই তিনটি স্থানের মধ্যে ভোটার যেখানে ভোট দিতে চায় সেখানে তার নাম নিবন্ধন করতে হবে।"
নির্বাচন কমিশনার বলেন, "ছবিসহ ভোটার তালিকা তৈরির চলমান প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ভোটারদের বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র দেবে। তবে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র নিতে চাইলে ৩০ টাকা, ৫০ টাকা, আড়াইশ টাকা বা ৫০০ টাকা ব্যয় করতে হবে। উন্নতমানের ওই জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্পের অধীনে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/টিএইচ/এসএনডি/জিএনএ/১৭১৩ ঘ.
bdnews24