২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকন-উদ দৌলাকে পদ থেকে সরিয়ে ওএসডি

বিচার বিভাগ পৃথককরণের বিরোধিতাকারী ঢাকা মহানগর হাকিম রোকন-উদ দৌলাকে তার পদ থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মঙ্গলবার রাতে বিডিনিউজ টুয়েন্টিপোর ডটকমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 07:48 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিচার বিভাগ পৃথককরণের বিরোধিতাকারী ঢাকা মহানগর হাকিম রোকন-উদ দৌলাকে তার পদ থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মঙ্গলবার রাতে বিডিনিউজ টুয়েন্টিপোর ডটকমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে প্রধান বিচারপতি মো. রুহুল আমিন রোকন-উদ দৌলাকে প্রত্যাহারের অনুমোদন দেন। সুপ্রিম কোর্টের অনুমোদনের পর সংস্থাপন মন্ত্রণালয় তাকে ওএসডি করে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয় রোকন-উদ দৌলাকে হাকিমের পদ থেকে প্রত্যাহারের অনুমোদন চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি পাঠায়। সংস্থাপন মন্ত্রণালয়ের ওই চিঠির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এই অনুমোদন দেন। এই অনুমোদন পাওয়ার পরপরই সংস্থাপন মন্ত্রণালয় রোকন-উদ দৌলাকে ওএসডি করেছে বলে সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। অবশ্য এ বিষয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত সরকারি কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। নিয়মানুযায়ী রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর এটি জারি করা হয়। রোকন-উদ দৌলার বিরুদ্ধে সরকার রাষ্ট্রদ্রোহের মামলা করবে বলেও একজন কর্মকর্তা জানান। রোববার বিয়াম ফাউন্ডেশন আয়োজিত 'সুশাসনের জন্য বিচার বিভাগের স্বাধীনতা' শীর্ষক এক সেমিনারে রোকন উদ দৌলা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের বৈষম্য সৃষ্টি হয়েছে দাবি করে তা দূর করতে আগামী ২০২১ সাল পর্যন্ত বিচার বিভাগ পৃথক করার কাজ স্থগিত করার আহবান জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আহ্বান মেনে নেওয়া না হলে নির্বাহী বিভাগের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেন রোকন উদ-দৌলা। এজন্য প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাওয়ার ঘোষণা দেন তিনি। বিচার বিভাগ পৃথক হলে দেশের মানুষের বিন্দুমাত্র লাভ হবেনা মন্তব্য করে রোকন-উদ দৌলা বলেন, রাতারাতি ক্যু করে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটদের চেম্বার এবং ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। ভেজাল বিরোধী অভিযান করে পরিচিত পাওয়া ম্যাজিস্ট্রেট রোকন-উদ দৌলা ২০০৫ সালের ১২ মার্চ ঢাকা মহানগর হাকিম হিসেবে যোগ দেন। ওই বছরের ৩ এপ্রিল তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার দায়িত্ব পান। তার মুল পদ সিনিয়র সহকারি সচিব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/২০৫০ ঘ.