পঞ্চগড়, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কেঁচো খুড়তে গিয়ে সাপ নয়, একেবারে অস্ত্রই উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শহরের উপকণ্ঠে বিসিক শিল্প নগরীতে ঘটেছে এ ঘটনা। সেখানে পাওয়া গেছে দুটি পাইপগান ও একটি দেশীয় রিভলবার।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন জানান, বিসিকের পাশের কাগজিয়াপাড়া গ্রামের মো. ইয়াহিয়ার ছেলে আশরাফুল মাছ ধরার টোপ হিসেবে ব্যবহারের জন্য কেঁচোর সন্ধানে বের হয়। বিসিক মাঠের একটি কোণে মাটি খুঁড়তে শুরু করলে পলিথিন মোড়ানো একটি পুটলি উঠে আসে। পুটলি খুলে দেখে তাতে অস্ত্র রয়েছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে অস্ত্র তিনটি থানায় নিয়ে আসে। অস্ত্রগুলো খুব একটা পুরনো নয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ওসি জমিরউদ্দিন জানান, অস্ত্র পাওয়ার ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৮ ঘ.
bdnews24