২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ছাত্র বিক্ষোভের মামলায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২২ আগস্টের ছাত্র বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আট শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 11:42 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২২ আগস্টের ছাত্র বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আট শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সোমবার চট্টগ্রাম আমলি আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়। গত দুই দিন বিভিন্ন পত্রিকায় অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে বলে সংবাদ প্রকাশ হলেও সোমবার দুপুরেই অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল আউয়াল। তিনি জানান, অভিযোগপত্র গ্রহণ করে আদালতের বিচারক মনিরুজ্জামান আগামী ৩১ অক্টোবর মামলার শুনানির দিন ধার্য করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী থানার উপ-পরিদর্শক ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগপত্রে সংঘর্ষ ও ভাংচুরের জন্য ১০ জনকে দায়ী করা হয়েছে। এরা হলেন, চবি ছাত্র ইউনিয়নের সভাপতি মন্টি বৈষ্ণব, ছাত্রফ্রন্টের সভাপতি কাঞ্চন সরকার, সহ-সভাপতি মনিদীপা ভট্টাচার্য, সাধারণ সম্পাদক জমির উদ্দিন রাসেল, দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দিন ও সদস্য বিজয় কুমার দাশ, ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদুর রহমান জুয়েল, দৈনিক সংগ্রামের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মহিউদ্দিন টিপু এবং চবি অফিসার্স সমিতির বহিষ্কৃত সভাপতি জাকির আহমেদ ও চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ নাজিম উদ্দিন। ওয়াহিদুজ্জামান জানান, ২২ আগস্ট চবির ঘটনার ভিডিও ফুটেজ, পত্রিকার ছবি, বিভিন্ন জনের সাক্ষ্যগ্রহণ এবং আটককৃত দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে প্রায় দুই মাস তদন্ত শেষে এ অভিযোগপত্র দাখিল করা হয়। আসামিদের মধ্যে ছাত্র ফ্রন্ট সদস্য বিজয় কুমার দাশ বর্তমানে কারাগারে রয়েছেন। ছাত্র ইউনিয়ন নেত্রী মন্টি বৈষ্ণবকে গ্রেপ্তারের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। অপর আসামিরা কেউ গ্রেপ্তার হননি। এদিকে, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সোমবার এক বিবৃতিতে অভিযোগপত্রে তাদের সংগঠনের নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি দাবি করেছে, ২২ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ ও ভাংচুরে ছাত্রফ্রন্টের কোনো নেতাকর্মী জড়িত ছিলো না। বিবৃতিতে মামলা অভিযোগপত্র থেকে ছাত্র ফ্রন্ট নেতাকর্মীদের নাম বাদ দেয়া ও বিজয় কুমার দাশের মুক্তির দাবি জানানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমআই/১৭৪২ ঘ.