২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোটার তালিকার জন্য তথ্য সংগ্রহ শুরু

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ সোমবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 08:28 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ সোমবার শুরু হয়েছে। তথ্য সংগ্রহের কাজ চলবে ৪ নভেম্বর পর্যন্ত। ৫ নভেম্বর থেকে ছবি তোলার কাজ শুরু হবে। চট্টগ্রামে ছবি তোলা ও নিবন্ধনের কাজ শেষ হবে ১০ ডিসেম্বর। তথ্য সংগ্রহকারীরা সোমবার সকালে বিভিন্ন ওয়ার্ড কার্যালয়ে গিয়ে এলাকার বিস্তারিত তথ্য নেন। এরপর তারা সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী লোকজনের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন। জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার জানান, সিটি কর্পোরেশন এলাকায় তথ্য সংগ্রহ করার জন্য চার হাজার ৭০০ জন তথ্য সংগ্রহকারী কাজ শুরু করেছেন। এ সংক্রান্ত কাজে ৯০০ জন সুপার ভাইজার ও ৫০ জন সহকারী নিবন্ধন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। নগরীর এনায়েত বাজার ওয়ার্ডে তথ্য সংগ্রহের কাজ করছেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মী ইয়াসমিন বেগম ও জেসমিন আক্তার। তারা সাংবাদিকদের বলেন, ওয়ার্ড কমিশনার কার্যালয়ে এসে এলাকার পরিচিতি নেয়ার পর তারা তথ্য সংগ্রহের কাজে বের হয়েছেন। তারা জানান, এবার প্রতিদিন কমপক্ষে ৬০টি ফরম পূরণ করতে হবে। তাছাড়া এবার কোনো বাড়িতে ফরম দিয়ে আসার সুযোগ নেই। সংগ্রহকারীদের তাৎক্ষণিকভাবে ফরম পূরণ করতে হবে। এদিকে ভোটার তালিকায় নিবন্ধনে মানুষকে উদ্বুদ্ধ করতে সোমবার সকালে নগরীর জেলা পরিষদ মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নগরীর কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনার চত্বরে এসে শোভাযাত্রা শেষ হয়। শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক আশরাফ শামীম ভোটার হওয়ার জন্য নিবন্ধিত হতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সিটি কর্পোরেশন এলাকায় ভোটার তালিকার কাজ শুরুর আগে রাউজান ও সীতাকুণ্ড উপজেলায় ভোটার তালিকার জন্য ছবি তোলা ও জাতীয় পরিচয়পত্র দেয়ার কাজ শেষ হয়। নির্বাচন ককর্মকর্তারা জানান, অন্য উপজেলাগুলোয় ভোটার তালিকার কাজ ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে ২০০৮ সালের মে পর্যন্ত চলবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৪২৮ ঘ.