ফ্লোরিডা, অক্টোবর ২১ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, অভ্যন্তরীন শত্র"রা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে সোমালিয়া বানাতে চেয়েছিল। ১১ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সরকারের সহযোগিতায় এগিয়ে আসে সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্র সফররত জেনারেল মইন উ আহমেদ শনিবার সন্ধ্যায় ফ্লোরিডায় এক নাগরিক সংবর্ধনায় বলেন, "অনেক রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। এখন সময় এসেছে প্রকৃত অর্থে স্বাধীন করে গড়ে তোলার। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছে সে লক্ষ্য আজো অর্জিত হয়নি। আমাদের কর্তব্য হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাধীন করে দেশকে এগিয়ে নেওয়া।"
তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার উদ্যোগের কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেছেন, "মূলত অবাধ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্বাচিত সরকারের কাছে হস্তান্তরই কেয়ারটেকার সকারের প্রধান দায়িত্ব। ভালো নির্বাচন হলো, কিন্তু দুর্নীতি দমন করতে পারলাম না, তাহলে সে নির্বাচনে কোনো লাভ হবে না।"
সরকারের নেওয়া সংস্কারের কার্যক্রম এবং দুর্নীতি বিরোধী অভিযানের বিষয়টি তুলে ধরে সেনাপ্রধান জানান, যারা দুর্নীতি করেছে এবং লাভবান হয়েছে তারা তত্ত্বাবধায়ক সরকারকে সহজভাবে নেবে না।
তিনি বলেন, "দুর্নীতিবাজদের দমন করার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া একটি বড় চ্যালেঞ্জ।"
জেনারেল মইন দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
দেশে বিনিয়োগ করার জন্য প্রবাসীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, "দেশে এখন সর্বোচ্চ বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে।"
এ অবস্থায় কেবল নিজের কথা চিন্তা না করে সাধারণ মানুষের স্বার্থে দেশের উন্নয়নে এগিয়ে আসার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।
ফ্লোরিডায় বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনের সভাপতি শওকত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেনারেল মইন উ আহমেদের হাতে ক্রেস্ট তুলে দেন আজাদুর রহমান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/০০১৫ ঘ.
bdnews24