ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বহুল-প্রতীক্ষিত উদ্যোগটি নির্বাহী বিভাগের কর্মকর্তাদের অনেকের তীব্র বিরোধিতার মুখে পড়েছে। নিজেদের ক্ষমতা ও গুরুত্ব হ্রাসের আশঙ্কায় উদ্বিগ্ন এসব কর্মকর্তা এ উদ্যোগ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
বিচার বিভাগ পৃথক করার উদ্যোগ পেছানো না হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোববার এক সভা থেকে সহকর্মীদের প্রতি ১ নভেম্বর থেকে কাজ বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ওই দিন সংশোধিত ফৌজদারি কার্যবিধি কার্যকর হওয়ার মাধ্যমে বিচার বিভাগ আলাদা হওয়ার কথা রয়েছে।
ওই নির্বাহীর এ আহ্বান সভায় করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে সমর্থিত হয়। তবে প্রশাসন ক্যাডারের একজন নেতা ওই ম্যাজিস্ট্রেটের বক্তব্য 'একান্তই তার নিজের' বলে মন্তব্য করেছেন।
সরকারের উর্ধ্বতন মহল প্রশাসন ক্যাডারের এ মনোভাবে অসন্তোষ প্রকাশ করে বলেছে, এরা যা করছেন তা কোনভাবেই কাম্য নয়। একজন উপদেষ্টা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন এ ব্যাপারে চাপ দিয়ে কাজ হবে না। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেছেন, সুপ্রিমকোর্টের রায়ের বিরুদ্ধে মত দেওয়ার কোনো অধিকার তাদের নেই। এটা শুধু আদালত অবমাননা নয়, সংবিধানেরও অবমাননা। (সমন্বিত )
রোববার বাংলাদেশ প্রশাসনিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান (বিয়াম) ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভায় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কাজ ২০২১ সাল পর্যন্ত স্থগিত রাখার আহ্বান জানান ম্যাজিস্ট্রেট রোকন উদ-দৌলা। বিচার বিভাগ আলাদা করায় নির্বাহী ও বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের যে 'বৈষম্য' সৃষ্টি হয়েছে তা দূর করতেই এ সময় প্রয়োজন বলে মত দেন ভেজালবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশব্যাপী পরিচিতি পাওয়া এ ম্যাজিস্ট্রেট।
'সুশাসনের জন্য বিচার বিভাগের স্বাধীনতা' শীর্ষক ওই আলোচনা সভায় ১ নভেম্বর বিচার বিভাগ আলাদা করার আগে এ বিষয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য পাওয়া না গেলে সে দিন থেকে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের কাজ বন্ধ করে দেয়ার আহ্বানও জানান তিনি।
সভায় জেলা ম্যাজিষ্ট্রেট পদসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের আইনশৃংঙ্খলা রক্ষা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পাবলিক পরীক্ষা, নির্বাচনসমূহে ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালনসহ সকল মাইনর অ্যাক্টস'র ক্ষমতাগুলো বহাল রাখাসহ ১০ দফা দাবি তোলা হয়।
রোকন উদ-দৌলা বলেন, "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের মধ্যে বৈষম্যের সৃষ্টি হয়েছে। রাতারাতি ক্যু করে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটদের চেয়ার, চেম্বার এবং ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে।"
এভাবে বিচার বিভাগ আলাদা হলে দেশের মানুষের বিন্দুমাত্র লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।
সমস্যা সমাধানে ২৭ তম বিসিএস থেকে ২০২১ সাল পর্যন্ত পর্যায়ক্রমে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "২০২১ সালের আগে বিচার বিভাগ পৃথককরণের সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে না।"
'বিচার বিভাগীয় নৈরাজ্য প্রতিরোধ কমিটি' গঠন করা হয়েছে জানিয়ে রোকন উদ-দৌলা বলেন, "নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আহ্বান মেনে নেয়া না হলে নির্বাহী বিভাগের সব কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।"
তিনি বলেন, "নিজেদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য এখানে এসেছি। অধিকার আদায় না হলে জেলে কিংবা ফাঁসির মঞ্চে যেতেও আমার আপত্তি নেই।"
রোকন উদ-দৌলার এ বক্তব্যকে সভায় উপস্থিতরা ব্যাপক করতালি ও উল্লাসধ্বনির মাধ্যমে সমর্থন জানান। সভার পর ব্যক্তিগতভাবেও অনেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কাছে এ ব্যাপারে সমর্থন ব্যক্ত করেন।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা নিয়ে ক্ষুদ্ধ প্রশাসন ক্যাডারের কেন্দ্র ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা গত বৃহস্পতিবার রাতেও বিয়াম মিলনায়তনে একটি সভা করেন।
তবে রোববার রাতে যোগাযোগ করা হলে বিসিএস প্রশাসন ক্যাডারের মহাসচিব, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাজিস্ট্রেট রোকন উদ-দৌলার বক্তব্য একান্তই তার নিজস্ব বক্তব্য।"
তিনি আরও বলেন, "আমাদের বক্তব্য সরকারকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে।"
সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা রোববার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথককরণ কার্যকর করার মূহুর্তে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা যা করছেন তা কোনভাবেই কাম্য নয়। বিচার করা তাদের কাজ নয়। এজন্য আলাদা লোক রয়েছে। সংবিধানে তাদের সম্পর্কে স্পষ্ট করে বলা আছে।
তিনি বলেন, যারা এসব কাজ করছে তারা সরকার নয়, সরকারের কর্মকর্তা। তাদের সিদ্ধান্ত সরকার বাস্তবায়ন করবে না, তারা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। বিষয়টি তাদের মনে রাখতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে এই উপদেষ্টা বলেন, কর্মকর্তারা ভেবেছেন, আমাদের সরকার দুর্বল। আমাদের ওপর চাপ দিলে কাজ হবে। তাদের এই ভাবনা ভুল, আমরা দুর্বল নই। এক্ষেত্রে তারা কোনভাবেই সফল হতে পারবেন না।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "ম্যাজিষ্ট্রেসি না থাকলে তাদের কাজ থাকবে না কেন ? তারা নির্বাহী দায়িত্ব পালন করবেন। তাদের যদি কাজ না থাকে সেটা সরকার দেখবে। তাদের এত চিন্তা কেন?"
তিনি বলেন, "এধরনের কর্মকর্তারা বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতে গিয়ে সব কিছু নষ্ট করে দিয়েছে। রাজনৈতিক সরকারের মন্ত্রীর কথামত এরা কাউকে জামিন দিয়েছে, আবার একজনকে নিয়ে জেলে ভরে রেখেছে। মন্ত্রীদের নানা ধরণের পরামর্শ দিয়েছে। মন্ত্রীরাও অনেক সময় তাদের কথামত কাজ করেছে। মূলত এরাই রাজনৈতিক সরকারগুলোকে ডুবিয়েছে।"
রোববার বিকেলে ব্যরিস্টার আমীর-উল ইসলাম ইস্কাটনের তার চেম্বারে সাংবাদিকদের বলেন, "সংবিধান অনুযায়ী নির্বাহী বিভাগের কর্মকর্তাদের পবিত্র দায়িত্ব সুপ্রিমকোর্টের আদেশ পালন ও তা বাস্তবায়ন করা। তারা এ দাবি কেন তুলেছেন তা আমার বোধগম্য নয়।"
বিচার বিভাগের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করা এবং নির্বাহী বিভাগের মুখোমুখি করা দেশের জন্য মঙ্গলজনক নয় মন্তব্য নয় মন্তব্য করে তিনি বলেন, "প্রশাসিনক কর্মকর্তারা শুধু বিতর্ক করার জন্য বিতর্ক করছেন। জনগণই যে ক্ষমতার মালিক সেটা তাদের আচরণে বোঝা যাচ্ছে না।"
১৯৯৯ সালে মাযদার হোসেন মামলার রায়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারকে ১২ দফা নির্দেশনা দেন। এ মামলায় বাদীপক্ষের প্রধান আইনজীবী ছিলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম।
ঢাকার বিভাগীয় কমিশনার ইকরাম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক কর্মকর্তাদের রোববারের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ামের সভাপতি পিএটিসি'র রেক্টর আবু মো. মনিরুজ্জামান খান। সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন। বিয়ামের মহাপরিচালক ড. মোহাম্মদ সাদিক স্বাগত বক্তব্য রাখেন।
অতিরিক্ত সচিব আকমল হোসেন আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন প্রাক্তন উপদেষ্টা সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী, ঢাকার সাবেক জেলা প্রশাসক আবদুল মোবারক, বেসরকারি সংস্থা উবিনীগ এর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাজহার, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এমএ মোমেন, ফরিদপুরের বোয়ালমারির সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহেল বাকী প্রমুখ।
আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, বিচার বিভাগ পৃথক করার বিষয়টি আদালতের রায়ের কারণেই হয়েছে। এর আগের দুটি রাজনৈতিক সরকারই এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। আদালতের সব রায় যদি আমরা ভাল বলে মেনে থাকি, তবে এ রায় কেন ভাল বলে মানবো না?
কিছুটা ভিন্নমত প্রকাশ করে তিনি বলেন, বিচার বিভাগ পৃৃথক হলেই সকল নির্বাহী ম্যাজিস্ট্রেসির কোন ক্ষমতা থাকবে না, সব বাতিল হয়ে যাবে, তা বলা যাবে না। তাদের হাতেও ভূমি প্রশাসন ব্যবস্থাপনা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পরীক্ষা পরিচালনা, সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা থাকতে হবে। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেটদের মধ্যে অবশ্যই সমতা আনতে হবে।
প্রধান অতিথি আবু মো. মনিরুজ্জামান খান বিচার বিভাগ পৃথক করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সুশাসন একটি ধারাবাহিকতা। ...জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই সকল বিষয়ে সমাধান করতে হবে। সকলের মধ্যে ক্ষমতা নির্ধারণ করতে হবে।
সাবেক জেলা প্রশাসক আবদুল মোবারক বলেন, বিচার বিভাগকে এত ক্ষমতা দিয়ে স্বাধীন করা হলে তারা নিজেরাই অকার্যকর হয়ে যাবে। কারণ তাদের নির্দেশনা কেউই মানবে না।
তিনি বলেন, এ পৃথককরণের মাধ্যমে বিচার বিভাগ পৃথক হয়নি, ম্যাজিস্ট্রেসি পৃথক করা হয়েছে। কারণ এখনো বিচারক নিয়োগ দেয় নির্বাহী বিভাগ। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির পরামর্শ নিয়েই রাষ্ট্রপতি উচ্চ আদালতের বিচারক নিয়োগ দেন। এ অবস্থার অবসান হতে হবে।
ড. এমএ মোমেন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সকল ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। অথচ এখন পর্যন্ত দেশের জমি-জমার সকল বিষয় নির্বাহী বিভাগের হাতেই রয়েছে। কারণ এ কাজটি নির্বাহী বিভাগের কর্মকর্তারাই ভাল বোঝেন। তাই তাদের হাতেও ক্ষমতা থাকতে হবে। তা না হলে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা উবিনীগ এর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাজহার বলেন, বিচার বিভাগের স্বাধীনতার মানে শুধু পৃথককরণ নয়, সাধারণ মানুষ যাতে সুবিচার পায়, তার ব্যবস্থা করা। কিন্তু এখানে পৃথককরণের নামে যে প্রস্তাবনা দেয়া হয়েছে, তা একটি প্রতারণা মাত্র।
তিনি বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর করা ঠিক হবে না। এটা সাংবিধানিক প্রশ্ন, সংসদই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এতে আদালতের কোন ভূমিকা নেই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/জিএনএ/এএইচডি/ইএইচবি/এসকে/এমএইচবি/০০৩৭ ঘ.
bdnews24