২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার সময় আরো এক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ নেওয়ার সময় ঢাকা মহানগর পুলিশের আরো একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে ঘুষ নেওয়ার সময় শ্যামপুর থানার উপ-পরিদর্শক আবু নাইম মোহাম্মদ সবুর খানকে হাতেনাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে চলতি মাসে দূর্নীতি ও অনিয়মসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশের পাঁচ সদস্য গ্রেপ্তার এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 02:15 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --ঘুষ নেওয়ার সময় ঢাকা মহানগর পুলিশের আরো একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে ঘুষ নেওয়ার সময় শ্যামপুর থানার উপ-পরিদর্শক আবু নাইম মোহাম্মদ সবুর খানকে হাতেনাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে চলতি মাসে দূর্নীতি ও অনিয়মসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশের পাঁচ সদস্য গ্রেপ্তার এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জমি নিয়ে আদালতে একটি অভিযোগ দায়েরকারী আরকে মিশন রোডের বাসিন্দা প্রবাসী একে আজাদের কাছে শ্যামপুর থানার উপপরিদর্শক আবু নাইম মোহাম্মদ সবুর খান পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন। একে আজাদ বিষয়টি ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদকে জানান। কমিশনারের নির্দেশে গোয়েন্দা পুলিশ শনিবার রাতে শ্যামপুর থানার সামনে টাকা লেনদেনের সময় উপ-পরিদর্শক আবু নাইমকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ব্যাপারে দ্রুতবিচার আইনে একটি মামলা হয়েছে। সর্বশেষ গত ৯ অক্টোবর ঘুষ নেওয়ার অভিযোগে খিলগাঁও থানার উপ-পরিদর্শক খান নুরুল ইসলাম ও তার ব্যক্তিগত সোর্স মহিউদ্দিন বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২ অক্টোবর ৩টি সোনার বারসহ এক চোরাচালানীকে আটক করার পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে মিরপুর থানার দুই উপ-পরিদর্শক ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। ৩ অক্টোবর ঘুষ নেওয়ার অভিযোগে উত্তরা থানার এক উপ-পরিদর্শক ও সহকারি উপ-পরিদর্শকে গ্রেপ্তার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ৫ অক্টোবর ঘুষ নেওয়ার অভিযোগে রাজধানীর মতিঝিল থানার উপ-পরিদর্শক আলী হোসেনকে গ্রেপ্তার এবং ৮ অক্টোবর অদক্ষতা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এছাড়া ১৮ অক্টোবর দুদকের একজন আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম গোলাম কিবরিয়াকে তাৎক্ষণিক বদলী (স্ট্যান্ড রিলিজ) করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এমএসবি/এসকে/২০০৩ঘ.