ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ।
ইকতেদার আহমেদ দাবি করেছেন, এ বিষয়ে সুপ্রিম কোর্ট ও প্রশাসন ক্যাডারের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।
রোববার বিকালে তার নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কথা বলেন।
তিনি বলেন, "বিচার বিভাগ আলাদা করা বিষয়টি আমাদের নয়, এটি জনগণের দাবি। কেউ যদি এর বিরোধিতাও করে থাকেন, তাদের সংখ্যা একেবারেই নগণ্য।"
ইকতেদার আহমেদ আরো বলেন, "বিচারকরা কারো ব্যাপারেই বৈরী নন। বিচার বিভাগকে আলাদা করার ব্যাপারে সুপ্রিম কোর্ট ও প্রশাসন ক্যাডার মুখোমুখি অবস্থানেও নেই।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ১ নভেম্বরই বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হবে। এ ব্যাপারে তারা খুবই আশাবাদী।
সংগঠনের সভাপতি ইশতিয়াক হোসেন, বিচারক মাজদার হোসেনসহ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/বিআর/জেকে/এসকে/১৬৩৫ ঘ.
bdnews24