ঢাকা,অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সরকার মনে করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের সংলাপে বসলে তাদের নিরপেক্ষতা ক্ষুন্ন হতে পারে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের এ ধরনের সংলাপের প্রস্তাব সম্পর্কে একজন উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি 'না' জবাব দেন।
তিনি বলেছেন, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য দলগুলোকে নির্বাচন কমিশনের সঙ্গেই বসতে হবে।
রোববার আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন," রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার কোন কারণ দেখছি না। কেন তারা সরকারের সঙ্গে আলোচনা করতে চায় সেটাইতো বুঝতে পারছিনা। তাদের নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলুক তাতেই চলবে।"
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার সাংবাদিকদের কাছে বলেন, "তার দল চায় নির্বাচন ও বিভিন্ন বিষয় নিয়ে তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসুক।"
তার মতে ,অনেক বিষয় আছে যা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে নিষ্পত্তি হবে না। সরকারের সঙ্গে আলোচনা করেই সেগুলোর নিষ্পত্তি করতে হবে।
আওয়ামীলীগ নেতার এধরনের বক্তব্যের পর সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে এবিষয় নিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'র পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তাদের কেউ কেউ নাম না প্রকাশ করার শর্তে কথা বলেছেন।
একজন উপদেষ্টা বলেন,"এবার ঈদের সময় রাজনীতিকদের ডাকার কথা ছিল। কিন্ত নানা কারণে শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের ডাকা হবে না।"
না ডাকার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেই অভিযোগ উঠবে আওয়ামীলীগ বা বিএনপি'র মধ্যে যে কোন একটি দলকে বেশী প্রাধান্য দেয়া হয়েছে। এতে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠবে।
তিনি আরো বলেন, দলগুলো বসেই প্রথম দাবি তুলবে তাদের কারাবন্দি নেতা নেত্রীদের মুক্তি দিতে। জরুরি অবস্থা প্রত্যাহার করে নিতে।
তিনি বলেন, "আগের তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। তাতে কোন ফল হয়েছে। আমরা রাজনীতি করিনা, কাজেই রাজনীতিকদের সঙ্গে আমরা আলোচনায় বসতেও চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই।"
আওয়ামীলীগ কোন বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে চায় জানতে চাইলে দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বলেন, "নির্বাচনের সময় প্রশাসনের অবস্থা কেমন হবে, নিরপেক্ষতা থাকবে কি না, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ থাকবে কি না, কারা নির্বাচনে অংশ নিতে পারবে আর কারা পারবে না, পর্যবেক্ষক হিসেবে কারা থাকবে ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই"।
আইন উপদেষ্টা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসে এসব নিয়ে কথা বলতে পারে। তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আমাদের কাছে যে ধরনের সহায়তা চাইবে আমরা সেই সহায়তা দিবো। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশনকে শুধু সহায়তা দেবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24