ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজার, ফরিদপুর ও গাইবান্ধায় শনিবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। মৌলভীবাজারে মিনিবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চার জন, ফরিদপুরে মাইক্রোবাস চাপায় জাসদ নেতা ও গাইবান্ধায় বাস চাপায় এক নারী মারা গেছেন।
এছাড়া বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সাত জন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর মৌলভীবাজার প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের জেলার বিসিক শিল্প নগরী এলাকায় বিকেলে একটি মিনিবাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ চার জন নিহত হয়েছেন। আহত হন ২০ জন।
নিহতরা হলেন, হবিহঞ্জ জেলার বানিয়াচঙ গ্রামের কামাল উদ্দীনের স্ত্রী চম্পা (২২), গোবিন্দপুর গ্রামের কদর আলীর ছেলে জুয়েল (৩৫), মজলিসপুর গ্রামের গ্যাদা মিয়ার ছেলে জোনাব আলী (৩০) ও হবিগঞ্জ সদরের বড়মওলা গ্রামের রোকসানা আক্তার লুবনা (১৮)।
মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন মাইক্রোবাস যাত্রী সেলিম মিয়া (৩০) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " আমরা হবিগঞ্জ থেকে মাধবকুণ্ড জলপ্রপাতে বেড়াতে যাই। বিকেলে ফেরার পথে এই দুর্ঘটনায় ঘটে।"
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার আশরাফুল আজিম জানান, মিনিবাসটি মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। হবিগঞ্জগামী মাইক্রোবাসের সংঘর্ষের পর মিনিবাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসের চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ এবং দমকল বাহিনী গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজরের সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গোলাম রহমান জানান, আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার কানাইপুর এলাকার মধুমালা সিনেমা হলের সামনে শনিবার সকালে মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন জাসদের ফরিদপুর জেলা কমিটির সদস্য শওকত কবীর ফিরোজ (৪৮)।
তার বাড়ি কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাসদ নেতা শওকত রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
গাইবান্ধা প্রতিনিধি জানান, ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা নামক স্থানে শনিবার দুপুরে বাস চাপায় আমিনা খাতুন (৬৫) নামে এক নারী মারা গেছেন হয়েছেন।
আমিনা গোবিন্দগঞ্জ উপজেলার দরবন্দ ইউনিয়নের ছোট মারিয়া গ্রামের সৈয়দ জামানের স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মোশারফ হোসেন জানান,
শনিবার দুপুর দেড়টার দিকে কালিতলা নামক স্থানে রাস্তা পারাপারের সময় বগুড়াগামী অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস আমিনাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
অপরদিকে একই দিন দুপুর ২টার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে তরফকামাল নামক স্থানে বগুড়া থেকে হিলিগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে ৯ যাত্রী আহত হয়।
দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে বলে ওসি জানান।
বরিশাল প্রতিনিধি জানান, হিজলা উপজেলার খুন্না বন্দরে শনিবার দুটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চার জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী নুরুল আলম রাজু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুর পৌনে ১টার দিকে মুলাদী থেকে হিজলাগামী একটি টেম্পু হিজলার খুন্না বন্দরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হানিফ খাঁ (৩০), সামসু মোল্লা (৫৫), মিজানুর রহমান (২৫) ও হান্নান হাওলাদার (২১) গুরুতর আহত হন।
আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে টেম্পু-সাইকেল-রিকশার ত্রিমুখী সংঘর্যে এক টেম্পু যাত্রী ও দুই সাইকেল আরোহী আহত হয়েছেন।
আহত টেম্পুযাত্রী স্থানীয় সাংবাদিক আল আমীন টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাদপুর থেকে পাতারহাট যাওয়ার পথে টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা এবং সাইকেলকে ধাক্কা দেয়।"
দুর্ঘটনায় আল আমিনসহ সাইকেল আরোহী রিয়াজ (১০) ও জাহের (১৫) আহত হন। তাদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান এবং মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন সড়ক দুর্ঘটনার কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএআর/এমআই/এমএসবি/২২৪৭ ঘ.
bdnews24