গাইবান্ধা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার গ্রামাঞ্চলে এখন কার্তিকের মঙ্গা। এ সময় ধান কাটার কথা নয়। কিন্তু শনিবার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাচা গ্রামে ধান কাটা হয়েছে।
মঙ্গার সময় কৃষকরা গোলায় ধান তুলবে- কয়দিন আগেও তারা ভাবেনি। কিন্তু এখন তারা ভাবতে পারে। আগাম আমন ধান ব্রি-৩৩ এর প্রদর্শনী খামারে ধান কাটার পর কৃষকরা মনে করছে এ অঞ্চলে যদি এ জাতের ধান চাষ করা হয় তাহলে মঙ্গার কষ্ট অনেক কমে যাবে।
খামার পীরগাচা গ্রামের এ জাতের ধানের প্রদর্শনী খামার করেছেন কৃষক আবুল কাশেম (৪৫)। তিনি বলেন, "হামরা অসমায় ধান কাটচি। হামার ঘরে জীবনেও এ্যাংকা সমায় ধান কাটি নাই। আকাল (মঙ্গা) আর হামারঘরোক কাবু 'করব্যার পাবার নয়।"
শনিবার ধান গবেষণা ইনস্টিটিউট রংপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মজিদ প্রদর্শনী খামারের ব্রি-৩৩ ধানের প্রদর্শনী খামারের ধান কাটা উদ্বোধন করেন।
ধান কাটা উদ্বোধনের পর দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ড. মো. আব্দুল মজিদ বলেন, "ব্রি ধান-৩৩ এই ধান চাষে মঙ্গাপীড়িত এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষকরা ধান চাষে আগ্রহী হলে মঙ্গা দূর হবে।"
তিনি জানান, সাধারণত আমন ধান উৎপাদন হতে ১৪০ দিন সময় লাগলেও খামার পীরগাচা গ্রামের কৃষকরা আগাম আমন ধান (ব্রি ধান-৩৩) রোপন করে ফলন পেয়েছেন মাত্র ১০০ দিন পর।
গত বছর ড. আব্দুল মজিদ খানের নেতৃত্বে একদল গবেষক ব্রি ধান-৩৩ উদ্ভাবন করেন। ওই বছরই রংপুরে পরীক্ষামূলকভাবে ব্রি ধান-৩৩ আবাদের পর এবার গাইবান্ধায় এই ধানের আবাদ করা হল।
গাইবান্ধা সদর উপজেলার ভবানিপুর গ্রামের কৃষক সেলিম মিয়া (৫৫) বলেন, "একন গাওয়োত কাম নাই। আকালের (মঙ্গা) সমায় হামরা খায়া না খায়া থ্যাকি। ঘরের জিনিস, হাঁস-মুরগি বেচি চাউল কিনি। তাও হামার ঘরে সংসার চলে না। ধানকোনা পায়্যা হামারঘরে ওভাব দূর হোচে। হামরা পোত্তেকব্যার এই ধান চাষ করমো।"
ধান কাটা উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রথম আলোর নগর সম্পাদক প্রণব সাহা, গাইবান্ধার বেসরকারি উন্নয়ন সংগঠন 'উদ্যোগ' এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান খন্দকার, কৃষিবিদ হামিদুর রহমান, সাহাপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু, শামীম আলম প্রমুখ।
'উদ্যোগ' নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, মঙ্গা দূর করার জন্য ব্রি ধান-৩৩ জাতের এই ধান চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকের অভাব দূর হওয়ার পাশাপাশি দিনমঞ্জুরদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এছাড়া ধান কাটার পরপরই ওই জমিতে আলু, রিলে ভূট্টা চাষ করা যাবে।
তিনি জানান, জেলায় এই প্রথম ৯ একর জমিতে এ জাতের ধান চাষ করা হয়েছে। সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাচা গ্রাম, ভবানিপুর ও ফলিমারি গ্রামের ২০ জন কৃষক প্রথমবারের মত ৯ একর জমিতে এই ধান চাষ করেন।
কৃষকরা জানান, প্রথমবারই বিষাপ্রতি ১৫ মণ ধান হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24