খাগড়াছড়ি, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগ আলাদা করা সংক্রান্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি কার্যক্রম পর্যবেক্ষণ কমিটির সদস্যরা শনিবার খাগড়াছড়িতে এক পর্যালোচনা সভায় অংশ নেন। এতে স্থানীয় আইনজীবীরা
পার্বত্য জেলাগুলোতে দায়রা জজ আদালত স্থাপনের দাবি জানালে পর্যবেক্ষণ কমিটি তা বাস্তবায়নের আশ্বাস দেন।
বিচারপতি মির্জা হোসেন হায়দারের নেতৃত্বে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি কার্যক্রম সংক্রান্ত পর্যবেক্ষণ কমিটির চার সদস্যের প্রতিনিধি দল শনিবার সকালে খাগড়াছড়ি পৌঁছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী, আনোয়ারুল হক ও চট্টগ্রাম জেলা জজ এস এম মঞ্জুরুল আহসান।
বিচারপতি মির্জা হোসেন হায়দার বলেন, "প্রশাসন থেকে বিচার বিভাগ আলাদা করার বিষয়ে সবার সহযোগিতার দরকার।
নতুন প্রক্রিয়ায় আগামী ১ নভেম্বর থেকে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাগড়াছড়িতে কাজ করবে। পরবর্তী সময়ে লোকবল বাড়ানো হবে।"
অবকাঠামো থাকলেও অন্য পার্বত্য জেলাগুলোর মতোই খাগড়াছড়িতে কোনো জজ আদালত নেই। আইনজীবীদের পক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি কামাল উদ্দিন মজুমদার সভায় বলেন, "পার্বত্য জেলাগুলোতে জেলা ও দায়রা জজ আদালত চালু না থাকায় এখানকার মানুষকে ১১০ কিালো মিটার পথ পাড়ি দিয়ে চট্টগ্রামে গিয়ে বছরের পর বছর মামলা চালাতে হতো। এ কারণে তিন পার্বত্য জেলায় ১২/১৩ হাজার মামলা ঝুলে আছে।"
এর পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে জজ আদালত স্থাপনের আশ্বাস দেন বিচারপতি মির্জা হোসেন হায়দার।
বিচারপতি কামরুল সিদ্দিকী বলেন, "বিচার বিভাগ আলাদা করার বিষয়টি '৭২ এর সংবিধানে উল্লেখ ছিল। জীবদ্দশায় এ ঐতিহাসিক ঘটনা দেখে যেতে পারছি বলে আনন্দিত।"
তিনি খাগড়াছড়িতে নিয়োগপ্রাপ্ত দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, "প্রশাসন থেকে বিচার বিভাগ আলাদা করায় যে উপকার হয়েছে, তা যেন মানুষ বুঝতে পারে।"
তিনি জানান, প্রধান বিচারপতির নির্দেশে সার্বক্ষণিক তদারকির জন্য সুপ্রিম কোর্টে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। দায়িত্ব পালনে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে জানাতে হবে।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামসুদ্দোহা জানান, খাগড়াছড়ি জেলায় ১৩০৭টি মামলা রয়েছে। ১ নভেম্বরের আগেই এ সব মামলার নথি তালিকা করে আনুষ্ঠানিকভাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কাছে হস্তান্তর করা হবে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাৎ হোসেন তার বিচার বিভাগ আলাদা করার বিষয়ে জেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে তা বাস্তবায়নের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বিচার বিভাগের প্রতিনিধি দলটি পরে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মণিন্দ্র লাল ত্রিপুরা সঙ্গে মতবিনিময় করেন। এরপর তারা আদালত ভবন ও খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতি ভবন ঘুরে দেখেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৬ ঘ.
bdnews24