ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মতিঝিল শিল্প এলাকায় শনিবার সকালে একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
দমকলের সহকারী পরিচালক নুরুল হক ঘটনাস্থল থেকে ফিরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিল শিল্প এলাকার ১৪৪ নম্বর ভবনটির চারতলায় আগুনের সূত্রপাত হয়। দুপুর ১ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।"
চারতলা এ ভবনটির নীচতলায় জনতা ব্যাংক, চার তলায় আটটি বেসরকারি স্টেশনারি সরবরাহকারী প্রতিষ্ঠানের গুদাম ছিল। এগুলো হলো প্রাইম স্টেশনারি, জ্যোতি এন্টারপ্রাইজ, কামাল এন্টার প্রাইজ, জেএসকে এন্টারপ্রাইজ, সিদ্দিক এন্টারপ্রাইজ, মামুন এন্টারপ্রাইজ, সিমেক্স পেপার হাউস ও এম রহমান এন্টারপ্রাইজ। আটটি গুদামের সব মালামালই পুড়ে গেছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি এবং ক্ষয়ক্ষতিও নিরুপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নুরুল হক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/আরএ/এমএ/১৫০৭ঘ.
bdnews24