বান্দরবান, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বান্দরবান পার্বত্য জেলায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ আগামী সোমবার (২২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে ভোটার তালিকা তৈরি কাজে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রথম দফায় সদর উপজেলা ও পৌর এলাকায় কাজ শুরু হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা পান্না লাল বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
তিনি শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলা ও বান্দরবান পৌরসভার ভোটার তালিকা তৈরির জন্য ১৪ জন সহকারী নিবন্ধন কর্মকর্তা, ৫৮ জন সুপারভাইজার এবং ১৪৪ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেয়া হয়েছে।
নির্বাচন কর্মকর্তা জানান, সোমবার থেকে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। ৫ নভেম্বর থেকে শুরু হবে ছবি তোলার কাজ।
বান্দরবান পৌরসভা ও সদর উপজেলায় মোট ২১টি কেন্দ্রের মাধ্যমে ছবি তোলার কাজ চলবে বলে জেলা নির্বাচন কার্যালয় থেকে জানানো হয়েছে। এর মধ্যে পৌরসভায় পাঁচটি এবং সদর উপজেলায় ১৬টি।
২০০১ সালের ভোটার তালিকা অনুযায়ী বান্দরবান সদর উপজেলায় মোট ৫৬ হাজার ৮৩০ জন ভোটার ছিল। এর মধ্যে বান্দরবান পৌরসভায় ২৮ হাজার ৪৪৯ জন ভোটার রয়েছেন। ২০০১ সালের তালিকা অনুযায়ী জেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৭৪৪।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৬ ঘ.
bdnews24