২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারীর হাতে স্থপতি নিহত

নগরীর চন্দনপুরা এলাকায় ছিনতাইকারীর রডের আঘাতে সাখাওয়াত উল্লাহ (২৬) নামের এক স্থপতির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 05:29 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ) - নগরীর চন্দনপুরা এলাকায় ছিনতাইকারীর রডের আঘাতে সাখাওয়াত উল্লাহ (২৬) নামের এক স্থপতির মৃত্যু হয়েছে। নিহতের প্রতিবেশী গালিব আল মাহাদি জানান, সাখাওয়াত বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন। জিইসি মোড়ে বাস থেকে নেমে রিক্সায় চন্দনপুরায় তার বাসায় যাওয়ার পথে চট্টগ্রাম কলেজ হোস্টেল গেট এলাকায় তিন-চারজন ছিনতাইকারী তার রিক্সা থামায়। তারা সাখাওয়াতের টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি তাদের বাধা দেন। বাধা পেয়ে ছিনতাইকারীরা রড দিয়ে তার মাথায় আঘাত করে এবং একটি রড তারা পেটে ঢুকিয়ে দেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. জয়নাল জানান, রিক্সাওয়ালার সহযোগিতায় সাখাওয়াত বাসায় পৌঁছালে আত্মীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাত ৯টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। নিহতের আত্মীয়দের বরাত দিয়ে মো. জয়নাল জানান, সাখাওয়াত আগ্রাবাদে 'প্রণয়ন' নামের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তার বাড়ি লোহাগাড়ার চুনুটি গ্রামে। তার বাবার নাম মুহিবুল্লা। এক মাস পর তার বিয়ে হওয়ার কথা ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর/এমসি/জেকে/২৩১৩ ঘ.