ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- গত দুই দিনে গুলশান ও বনানী এলাকা থেকে দুইটি দামি গাড়ি, নেশাদ্রব্য ইয়াবা ও বেশ কিছু যৌন উত্তেজক ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব কর্মকর্তা মেজর সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধ ও বৃহস্পতিবার দুইদিন র্যাব সদর দপ্তর (অপারেশনস উইং) ও র্যাব-১ এর একটি যৌথ দল বনানী ও গুলশানের বিভিন্ন স্থানে অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, গুলশানের দাই খান বীর ওরফে চিকু (৩২), আলতাফ আকমল কল্লোল (৩৩) ও মাহ্মুদ আল জুবেরী ওরফে শ্যানন (১৯), বারিধারার মুশফিকুর রহমান ওরফে তমাল (৩৪), তেজগাঁও এর পশ্চিম রাজাবাজারের শেখ আহেদ শফিক (৩৩) ও বনানীর সালমান রহিম জোয়াদ্দার (২৮)।
পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একই নম্বরের সাদা রংয়ের একটি বিএমডব্লিউ ও একটি লাল রংয়ের পোর্শে গাড়ি, ১৬টি ইয়াবা ট্যাবলেট, অন্য একটি নেশা জাতীয় ট্যাবলেট, ৫টি মোবাইল সেট, ৫ বোতল ফেন্সিডিল, ২ বোতল বিয়ার, ২৪টি পর্নো সিডি, যৌন আনন্দের কিছু যন্ত্র ও উপকরণ, পর্নো বই, মাদক সেবনের সরঞ্জাম ও বেশকিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত আবাসন ব্যবসার সঙ্গে জড়িত এবং প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।
র্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা ইয়াবাসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবনকারী ও সরবরাহকারী। এরা বিভিন্ন কৌশলে তরুণদেরকে এসব নেশায় আসক্ত করে তাদের দলে ভিড়িয়ে থাকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এসকে/২১২৬ঘ.
bdnews24