২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো মামলায় আরেক সাবেক আমলাকে জিজ্ঞাসাবাদ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা গ্যাটকো মামলায় আরেক সাবেক সরকারী কর্মকর্তাকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 02:55 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা গ্যাটকো মামলায় আরেক সাবেক সরকারী কর্মকর্তাকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক পরিচালক তালেবুর রহমানকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া গ্যাটকোর হিসাবরক্ষক মো. মনিরুল ইসলামকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদকারী দলে ছিলেন মামলার তদন্তকারী টাস্কফোর্সের প্রধান মেজর মোহাম্মদ মোস্তফা কামাল এবং তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা। তবে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের বিষয়ে তারা কেউ কিছু বলেননি। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব কামাল সিদ্দিকীসহ তিনজনের বর্তমান অবস্থান সম্পর্কে জানানোর অনুরোধ করে কমিশনের পক্ষ থেকে সংস্থাপন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। মামলাটি দায়েরের পর থেকে এ পর্যন্ত ৫ জন সাবেক মন্ত্রী, সাবেক মন্ত্রীপরিষদ সচিবসহ ৮ জন সচিব, একজন অতিরিক্ত সচিব এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা দুদকে গিয়ে তাদের বক্তব্য জানিয়েছেন। গত ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁ থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ মোট ১৩ জনকে এ মামলার আসামি করা হয়। তিন সেপ্টেম্বর সকালে খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। ২০০৩ সালে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে কমলাপুর ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি (গ্যাটকো) নামের একটি প্রতিষ্ঠানকে দেওয়ায় সরকারের এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এ মামলায় অভিযোগ করা হয়। বিশেষ কারাগারে অন্তরীণ খালেদা জিয়াকেও এ মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কর্মকর্তা। এছাড়া কারাবন্দী এক মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর বক্তব্য নেওয়া হয়েছে জেল গেটে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এসকে