ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিদায়ী চেয়ারম্যান বদিউর রহমান বলেছেন, অল্প সময় দায়িত্ব পালন করলেও রাজস্ব আদায় বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন তিনি। আর এ কারণেই চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) গত অর্থবছরের তুলনায় বেশি রাজস্ব আদায় হয়েছে।
বৃহস্পতিবার এনবিআরের চেয়ারম্যানের পদ থেকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব পদে বদলির নির্দেশ পাওয়ার পর দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বদিউর বলেন, ''চাকরি জীবনে যেখানেই যে দায়িত্ব পেয়েছি তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছি। ভবিষতেও তা অব্যাহত রাখার চেষ্টা করব।''
এনবিআরে ৯ মাসের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, "২০০৬-০৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ১৭ শতাংশ। আর চলতি অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে ১৯ শতাংশ। রাজস্ব আদায়ের পরিমাণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলে কর্মকর্তা-কর্মচারিদের ১০ শতাংশ ''ইনসেনটিভ'' দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আশা করছি এ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হবে।"
বদিউর জানান, নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ সোমবার সকালে তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন। ওইদিন সকাল ১১টায় বিদায়ী চেয়ারম্যান হিসেবে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।
বৃহস্পতিবার সকালে সংস্থাপন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ আব্দুল মজিদকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর এর চেয়ারম্যান পদে বদলির নির্দেশ দেয়। আর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান বদিউর রহমানকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর গত ২১ জানুয়ারি বদিউর রহমানকে এনবিআর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৯৩৬ ঘ.
bdnews24