ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নতুন নিয়োগপ্রাপ্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটরা আগমী ১ নভেম্বর থেকে কাজ শুরু করবেন।
নতুন ম্যাজিস্ট্রেটদের বিচার কাজ চালানোর জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে সুপ্রীম কোর্টের রেজিষ্ট্রারের অফিস থেকে জেলা জজদের কাছে চিঠি দেয়া হয়েছে।
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটদের কাজ শুরু প্রসঙ্গে আইন উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ১ নভেম্বর থেকে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটরা কাজ শুরু করবেন"।
সুপ্রীম কোর্টের রেজিষ্টার ইকতেদার আহমেদ বুধবার রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য বসার ব্যবস্থাসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার জন্য ৩-৪ দিন আগে জেলা জজদের কাছে চিঠি দেওয়া হয়েছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার জন্য সুপ্রীম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের আলোকেই এই চিঠি দেয়া হয়েছে।"
গত ৯ অক্টোবর বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মরত ১৭৯ জন কর্মকর্তাকে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কাজের অংশ হিসাবে এ নিয়োগ দেওয়া হয়।
আগামী ১ নভেম্বরের আগেই নতুন নিয়োগ করা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/জিএনএ/১৭২৮ ঘ.
bdnews24