২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীকে চট্টগ্রাম আদালতে হাজির

চাঁদাবাজির মামলায় কুমিল্লার দেবীদ্বার এলাকায় বিএনপি দলীয় সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীকে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতে হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 08:44 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় কুমিল্লার দেবীদ্বার এলাকায় বিএনপি দলীয় সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীকে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মো. শফিকুল করিম আগামী ২২ অক্টোবর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল হাসান চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দেবীদ্বার থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় মঞ্জুরুল আহসান মুন্সীকে হাজির করা হলে আদালত অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অ্যাডভোকেট কামরুল হাসান জানান, চাঁদাবাজির অভিযোগে দেবীদ্বার বাজারের সারের ডিলার নুরুল ইসলাম চলতি বছরের ১৪ মার্চ মঞ্জুরুল আহসান মুন্সী, তার ছোট ভাই আতিকুল ইসলাম মুন্সী, শাহাজ উদ্দিন প্রকাশ সাজু চেয়ারম্যান ও আবদুল লতিফ মোল্লাকে আসামি করে দেবীদ্বার থানায় মামলাটি দায়ের করেন। মামলার বাকি তিন আসামি পলাতক রয়েছেন। মামলার এজাহারে বলা হয়, ২০০২ সালের ২০ আগস্ট মঞ্জুরুল আহসান মুন্সী ও তার সহযোগীরা বাদির কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বাদি এক লাখ টাকা পরিশোধ করলেও আসামিরা আরো এক লাখ টাকার জন্য বাদিকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। সাবেক সাংসদ মুন্সীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বৃহস্পতিবার সরাসরি চট্টগ্রামের আদালতে হাজির করা হয় বলে অ্যাডভোকেট কামরুল হাসান জানান। তিনি আরো জানান, মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তারে কুমিল্লার আদালত যে পরোয়ানা জারি করেছিলো, তা বিশেষ আদালতও বহাল রেখেছে। দুর্নীতির মামলায় মঞ্জুরুল আহসান মুন্সীকে ইতোমধ্যে ১৩ বছর সাজা দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। গত ৯ অক্টোবর ওই মামলার রায় হয়। গত ৩ ফেব্র"য়ারি গভীর রাতে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন মঞ্জুরুল আহসান মুন্সী। এর আগে গত ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যদের যে তালিকা প্রকাশ করে তাতে মুন্সীর নাম ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/১৩৪০ ঘ.