ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ আগামী সোমবার তার নতুন কর্মস্থলে যোগদান করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সঙ্গে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশা ব্যক্ত করেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, "সরকারি চাকরি করছি। এটা বদলিযোগ্য। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটা একটা জাতীয় দায়িত্ব। আমি খুব খুশী হব যদি জাতীয় অর্থনীতিতে কোনো ভূমিকা রাখতে পারি।"
এনবিআর এর চলমান কার্যক্রম এগিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি জানান, "আগে কাজে যোগদান করি তারপর দেখা যাবে।"
আগামী শনিবার ও রোববার সরকারি ছুটি থাকায় নতুন এনবিআর চেয়ারম্যান সোমবার কাজে যোগদান করবেন।
এনবিআর এর দায়িত্ব পালনে মোহাম্মদ আব্দুল মজিদ সবার সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সংস্থাপন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ আব্দুল মজিদকে বদলি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর এর চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। মোহাম্মদ আব্দুল মজিদ চলতি বছরের ১৮ সেপ্টেম্বর সচিব পদে পদোন্নতি পান।
অন্যদিকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান বদিউর রহমানকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। নয় মাসেরও কম সময় এ পদের দায়িত্ব পালনের পর তাকে সরিয়ে দেওয়া হল। গত ২১ জানুয়ারি বদিউর রহমানকে এনবিআর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমএআর/এমএ/১৩৪৫ ঘ.
bdnews24