২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াদিল্লিতে সার্ক স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈঠক ২৩ থেকে ২৬ অক্টোবর

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় সার্ক স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর ভেতরে অপরাধ দমন বিষয়ে পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে জোর দিবে বাংলাদেশ। এছাড়াও ওই বৈঠকে নারী ও শিশু পাচার, অর্থ পাচার, মাদক পাচার ও সন্ত্রাস দমন বিষয়ে আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রস্তুতি বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভাশেষে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 07:39 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় সার্ক স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর ভেতরে অপরাধ দমন বিষয়ে পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে জোর দিবে বাংলাদেশ। এছাড়াও ওই বৈঠকে নারী ও শিশু পাচার, অর্থ পাচার, মাদক পাচার ও সন্ত্রাস দমন বিষয়ে আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রস্তুতি বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভাশেষে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের এ কথা জানান। আগামী ২৩ থেকে ২৬ অক্টোবর সার্ক স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের পক্ষে আনোয়ারুল ইকবাল প্রতিনিধিত্ব করবেন। উপদেষ্টা জানান, পারস্পরিক সমঝোতা চুক্তির এজেন্ডায় থাকবে দুই দেশের বন্দী বিনিময়, সন্ত্রাসী গ্রেপ্তারসহ সংশ্লিষ্ট বিষয়গুলো। আনোয়ারুল ইকবাল বলেন, সভায় সর্বশেষ সার্ক সম্মেলনে উত্থাপিত সার্ক পুলিশ গঠন এবং সার্ক ইমিগ্রেশন অথরিটি গঠনের বিষয়ে আলোচনা করা হবে। উপদেষ্টা জানান, সার্ক পুলিশ হবে ইউরোপীয় পুলিশ (ইউরোপোল) এর আঙ্গিকে। এই নিয়ে ভারতে কিছুদিন আগে বিশেষজ্ঞদের বৈঠক হয়। সেই বৈঠকের ফলাফল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচনা হবে। চারদিনব্যাপী সার্ক সভায় ২৩ অক্টোবর সার্ক দেশগুলোর পুলিশ প্রধানদের বৈঠক হবে। স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক ২৪ অক্টোবর, স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক ২৫ অক্টোবর ও ২৬ অক্টোবর তারিখে সমন্বিত বৈঠক হবে। বৈঠকে যোগ দেওয়ার জন্য সচিব ২২ অক্টোবর, উপদেষ্টা ২৩ অক্টোবর ভারত যাত্রা করবেন। নয় সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল ভারত সফর করবে। প্রতিনিধি দলে উপদেষ্টা, স্বরাষ্ট্র, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (রাজনৈতিক), পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সার্কসহ ৯ জন থাকবেন। উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে বৃহস্পতিবারের বৈঠকে স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি)সহ স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমএ/১৩৩৫ ঘ.