২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠির তিন পত্রিকার প্রকাশনার অনুমোদন বাতিল

ঝালকাঠি শহর থেকে প্রকাশিত তিনটি পত্রিকার প্রকাশনার অনুমোদন (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে। পত্রিকাগুলো হচ্ছে, দৈনিক অজানা বার্তা, সাপ্তাহিক অজানা খবর ও সাপ্তাহিক সূর্যালোক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 06:39 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

বরিশাল, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঝালকাঠি শহর থেকে প্রকাশিত তিনটি পত্রিকার প্রকাশনার অনুমোদন (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে। পত্রিকাগুলো হচ্ছে, দৈনিক অজানা বার্তা, সাপ্তাহিক অজানা খবর ও সাপ্তাহিক সূর্যালোক। নিয়মিত প্রকাশিত না হওয়ার কারণ দেখিয়ে জেলা ম্যাজিস্ট্রেট হরিপ্রসাদ পাল ওই পত্রিকাগুলোর ডিক্লারেশন বাতিল করে প্রকাশক-সম্পাদকের কাছে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়, দি প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট ১৯৭৩ এর ৯(৩) ক এবং ৯ (৩) খ ধারায় অনিয়মিতভাবে প্রকাশের কারণে ডিক্লারেশন বাতিল করা হল। ডিক্লারেশন বাতিল সংক্রান্ত চিঠি পাওয়ার কথা স্বীকার করে দৈনিক যুগান্তর এর ঝালকাঠি জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সূর্যালোক এর প্রকাশক-সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে দাবি করেন, আইন ভঙ্গ করে তার পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে। তিনি বলেন, "গত এক বছরে সাপ্তাহিক সূর্যালোকের ছয়টি সংখ্যা প্রকাশিত হয়েছে। আর বিধান রয়েছে, এক বছর ধরে সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা বন্ধ থাকলে তার ডিক্লারেশন বাতিল করা যায়।" বিষয়টি নিয়ে তিনি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন জানাবেন বলে হেমায়েত উদ্দিন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪২ ঘ.