ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভোলা ও চাঁদপুরে দুটি বাজারে বুধবার রাতে আগুন লেগেছে। এতে পুড়েছে ৩৬টি দোকান। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি ছাড়িয়ে যাবে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর ভোলা প্রতিনিধি জানান, তজুমদ্দিন উপজেলার খাসেরহাট বাজারে বুধবার রাতে অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে গেছে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্কুর আলী জানান, রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত তিনটার দিকে বোরহানউদ্দিন উপজেলা থেকে দমকল বাহিনী গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা হবে বলে ইউএনও এর ধারণা।
চাঁদপুর প্রতিনিধি জানান, শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজারে রাত ১২টার দিকে আগুন লাগে। এতে ১৫টি দোকান পুড়ে যায়।
শাহরাস্তি দমকল স্টেশনের কর্মকর্তা শাহাদত হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে হাজিগঞ্জ ও কচুয়া থেকে দমকল কর্মীরা গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে ওষুধ, কাপড়, মুদি, স্বর্ণ, রাইস মিল, মুরগি, ভিডিওসহ ১৫টি দোকান পুড়ে যায়।
শাহাদত হোসেন ক্ষতির পরিমাণ ১০ থেকে ১৫ লাখ বললেও ব্যবসায়ীরা দাবি করেছেন তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১২৩৩ ঘ.
bdnews24