ঢাকা, অক্টোবর ১৮ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ প্রশাসনের পাঁচ সচিব পদে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এক সরকারি আদেশে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান বদিউর রহমানকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। নয় মাসেরও কম সময় এ পদের দায়িত্ব পালনের পর তাকে এপদ থেকে সরিয়ে দেওয়া হল।
গত ২১ জানুয়ারি বদিউর রহমানকে এনবিআর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ আব্দুল মজিদকে বদলি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। মোহাম্মদ আব্দুল মজিদ চলতি বছরের ১৮ সেপ্টেম্বর সচিব পদে পদোন্নতি পান।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ধীরাজ মালাকার এবং জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এ এম এম নাছির উদ্দিনকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মহসীনকে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।
মোহাম্মদ মহসীন ১৮ সেপ্টেম্বর সচিব পদে পদোন্নতি পান এবং একই দিন সরকার তাকে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এমএআর/এমএ/ ১০৩৫ ঘ.
bdnews24