ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঈদের দিন রোববার হবিগঞ্জের বানিয়াচঙ গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী। একই সঙ্গে সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে উদীচীর সাধারণ সম্পাদক মাহমুদ সেলিম অভিযোগ করে ঈদের দিন উদীচী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে লাঠিসোটা নিয়ে হামলা চালায় 'শরীয়তবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটি'র নামে ৩০ থেকে ৪০ জন হামলাকারী। এতে শিল্পী কর্মীসহ ১০/১২ জন আহত হন। ঘটনার পর উদীচী বানিয়াচঙ শাখা থানায় এজাহার দায়ের করলেও পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করেনি।
পুলিশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, "হামলার সময় তিনজন পুলিশ থাকলেও তারা নীরব ভূমিকা পালন করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতোবড় একটি হামলা হল অথচ পুলিশ বলছে হামলার ঘটনাটি সত্য নয়।"
উদীচী সাধারণ সম্পাদক হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। হামলাকারী 'শরীয়তবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটি' নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন তিনি।
মাহমুদ সেলিম বলেন, "শরীয়তবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটি" নিষিদ্ধ করতে হবে এবং সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"
মাহমুদ সেলিম অভিযোগ করেন, জরুরি অবস্থার কারণে তারা কর্মকাণ্ড সীমিত রেখেছেন। কিন্তু মৌলবাদীরা মিছিল করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তিনি বলেন, "এই সরকার মৌলবাদীদের সহায়তা দিচ্ছে বলে জনমনে সন্দেহ রয়েছে। সরকারকে মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই সন্দেহ নিরসনের উদ্যোগ নিতে হবে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. শামসুদ্দীন আহমেদ, সহসভাপতি মঞ্জুশ্রী দাসগুপ্তা, সহসভাপতি গোলাম মো. ইদু, সহ-সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, সাহিত্যিক রতন সিদ্দিকী প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএসবি/২২৫০ ঘ.
bdnews24