ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার তদন্ত প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। মামলাটির তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক জহুরুল হুদা জানান, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এ প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
জহুরুল হুদা বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার তদন্ত করতে গিয়ে প্রায় ৬৫ জনের বক্তব্য নেওয়া হয়েছে। এদের মধ্যে যারা ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কেবল তাদেরই মামলার সাক্ষী হিসেবে রাখা হবে।"
তিনি জানান, প্রতিবেদনের জন্য ৬৫তম ব্যক্তি হিসেবে সাবেকর্র্ অথসচিব ও বর্তমানে বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানের লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। তিনি দেশের বাইরে থাকায় টেলিফোনের মাধ্যমে প্রশ্নগুলো জানিয়ে দেওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিনি লিখিত জবাব পাঠিয়েছেন। ঈদের আগেই তা পৌঁছেছে। ঘটনার সময় অর্থসচিব হিসেবে তার অবস্থান সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি।
গত ২ সেপ্টেম্বর রাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁ থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ মোট ১৩ জনকে এ মামলার আসামি করা হয়।
অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে কমলাপুর ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি (গ্যাটকো) নামের একটি প্রতিষ্ঠানকে দেওয়ায় সরকারের এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এ মামলায় অভিযোগ করা হয়।
খালেদা জিয়া ও কোকো ছাড়া মামলার অন্য অভিযুক্তরা হলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুই সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী পিএসসি ও এএনএম শাহাদত হোসেন, বন্দরের সাবেক পরিচালক (পরিবহন) এএম সানোয়ার হোসেন, বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমেদ আবুল কাশেম, বন্দরের সাবেক সদস্য লুৎফুল কবির, সাবেক নৌ পরিবহণমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনসার ও ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং গ্যাটকোর চার পরিচালক সৈয়দ গালিব আহমেদ, সৈয়দ তানভির আহমেদ, এ কেএম মুসা কাজল, এহসান ইউসুফ।
তিন সেপ্টেম্বর সকালে খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা।
মামলাটি দায়েরের পর থেকে এ পর্যন্ত ৫ জন সাবেক মন্ত্রী, সাবেক মন্ত্রীপরিষদ সচিবসহ ৮ জন সচিব ও ১ জন অতিরিক্ত সচিব এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা দুর্নীতি দমন কমিশন গিয়ে তদন্ত কর্মকর্তাকে তাদের বক্তব্য জানিয়েছেন।
বিশেষ কারাগারে অন্তরীণ খালেদা জিয়াকেও এ মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কর্মকর্তা। এছাড়া কারাবন্দী এক মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর বক্তব্য নেওয়া হয়েছে জেল গেটে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/জেকে/এমএ/১৮০১ ঘ.
bdnews24