২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় মীর নাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো

সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি মীর মো. নাছির উদ্দিন ও তার ছেলে মীর মো. হেলাল উদ্দিনের বিরুদ্ধে কর ফাঁকির দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানি আরেক দফা পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 10:12 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি মীর মো. নাছির উদ্দিন ও তার ছেলে মীর মো. হেলাল উদ্দিনের বিরুদ্ধে কর ফাঁকির দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানি আরেক দফা পিছিয়েছে। মামলা দুটির ওপর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মীর্জা মো. আইয়ুব আলী বুধবার অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে ৩০ অক্টোবর নতুন তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম জহিরুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মামলা দুটির ওপর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় নতুন করে দিন ধার্য করেছে আদালত। এর আগে গত ২৩ সেপ্টেম্বর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৭ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। চট্টগ্রাম কর অঞ্চল-২ এর উপ কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা গত ১৬ সেপ্টেম্বর আয়কর ফাঁকির অভিযোগে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মীর নাছির ও মীর হেলালের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন। মামলা দুটিতে অভিযোগ করা হয়, মীর নাছির ও তার ছেলে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দেওয়া আয়কর বিবরণীতে তথ্য গোপন করেছেন এবং মিথ্যা তথ্য দিয়েছেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় ঢাকার বিশেষ আদালত মীর নাছিরকে ১৩ বছর ও মীর হেলালকে ৩ বছরের কারাদণ্ড দেয়। তারা দুজনেই বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/জেকে/১৬০৫ ঘ.