ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চেইনসপ ইটিসি-র (এটসেট্টা) ধানমণ্ডি শাখায় শনিবার রাতে চুরির ঘটনায় গ্রেপ্তারকৃত দুই তরুণী ও তাদের পুরুষ সঙ্গীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঈদের দিন আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল লতিফ মঙ্গলবার রাতে জানান, শনিবার রাতেই ইটিসির জুনিয়র অফিসার আজ্জাদুল আমিন বাদি হয়ে মোসাম্মৎ সুমি (২৮), মোসাম্মৎ রোকসানা (২২) এবং আলিফের (২০) বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা করেন। তাদের বিরুদ্ধে পাঞ্জাবী, থ্রি-পিস, সেন্ডেলসহ ৬২ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ আনা হয়।
তিনি জানান, তাদের গ্রেপ্তার করার পর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা চুরির কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে আরো তথ্য নেওয়ার জন্য পরের দিন অর্থাৎ ঈদের দিন আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত রিমান্ড মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠিয়ে দেয়।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে এগারোটায় রোকসানা তার চাচাত বোন সুমিকে নিয়ে ইটিসিতে আসে। তারা কিছু সামগ্রী চুরি করার সময় ধরা পড়ে। এসময় তাদের সঙ্গে ছিলো আলিফ নামে এক যুবক। তাদের বাসা মোহাম্মদপুর থানা এলাকার শেরশাহ সুরি রোডে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24