চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মাত্র কয়েক মাসের ব্যবধানে চট্টগ্রামে আবারো পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলো। মঙ্গলবার সাগরে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে পাহাড় ধসে চারজন নিহত হয়েছেন। এর আগে ১১ জুন প্রবল বর্ষণে পাহাড় ধস ও দেয়াল চাপা পড়ে ১২৮ জন নিহত হয়।
চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন মাঝেরঘোনা এলাকায় সকালে পাহাড় ধসে মারা গেছেন এক বৃদ্ধা। এ ঘটনায় তার মেয়েও আহত হন। নিহতের নাম মালতী বালা দে (৬৫)। তিনি বান্দরবান জেলার মৃত রমনী মোহন দে'র স্ত্রী বলে জানা গেছে। বায়েজীদ থানা পুলিশ মালতী দে'র লাশ উদ্ধার করেছে।
থানার উপপরিদর্শক মোহাম্মদ করিম বিডিনিউজ টুয়েন্টিফোরকে জানান, সকাল আটটায় সেনানিবাসের ম্যাগাজিন হাউজের পিছনে মাঝেরঘোনায় মালতী বালা দে ও তার মেয়ে রিজু বালা দে (৩০) ঘরে থাকায় অবস্থায় পাহাড় ধসে মাটি চাপা পড়েন। আহত রিজু বালাকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টানা বর্ষণে নগরীর বাটালী হিল সংলগ্ন মতিঝর্ণা বস্তি এলাকায় সকাল ১১টার দিকে পাহাড় ধসে এমদাদ (২৫) নামে এক যুবক আহত হয়েছে। আহত এমদাদ চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় মঙ্গলবার ভোরে পাহাড় ধসে দুই শিশু সন্তানসহ এক নারী নিহত এবং দুই জন আহত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন।
মাটি চাপা পড়ে আহত আয়েশা বেগম (২৬) ও তার দুই শিশু পুত্র ইমাম হোসেন (৭) ও এনাম হোসেনকে (৫) রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পর তারা মারা যান। এ ঘটনায় আহত গৃহকর্তা জামাল হোসেন ও তার মা রেনু বেগম স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাঈল জানান, মঙ্গলবার ভোরে কাউখালির বেতবুনিয়া এলাকার নতুন পাড়ায় জামাল হোসেনের বাড়িতে পাহাড় ধসে পড়লে মাটি চাপা পড়ে তার পরিবারের সবাই আহত হয়। আহতদের মধ্যে তিন জন হাসপাতালে নিয়ে আসার পর মারা যান।
গত ১১ জুন চট্টগ্রামে প্রবল বর্ষণ ও জলাবদ্ধতার কারণে সেনানিবাস সংলগ্ন এলাকায়, মতিঝর্ণায়, পাহাড়তলীতে, ডেবারপাড় কুসুমবাগ এলাকায় ১২৮ জন পাহাড় ও দেয়াল চাপা পড়ে নিহত হয়। নিহতদের অধিকাংশই পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঘর তৈরি করে বসবাস করছিল।
চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম মঙ্গলবার রাতে সেনানিবাসসংলগ্ন মাঝেরঘোনা এলাকা পরিদর্শন শেষে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রশাসন বারবার উদ্যোগ নিয়েও পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরাতে পারছে না। পুলিশ প্রশাসনের নজরদারিও কাজে আসছে না।
ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, "মাঝেরঘোনা এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া আহত পরিবারের সদস্যরা যাতে সুচিকিৎসা পায় সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে।"
আশরাফ শামীম জানান, গত জুনের ভয়াবহ প্রাণহানির পর প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ২৩৪টি পরিবারকে ১৫ হাজার করে টাকা দিয়ে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এ জায়গাগুলো খালি রাখা যাচ্ছে না। নতুন করে লোকজন এসে এসব জায়গায় আবার বসতি গড়ছে।
জেলা প্রশাসক বলেন, "সিটি কর্পোরেশন এলাকায় কর্পোরেশনের পাশাপাশি জেলা প্রশাসন নিজেদের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম চালিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে রাখতে পারছে না।"
গত জুনে পাহাড় ধসের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণে গঠিত কমিটির আহবায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এম এ এন ছিদ্দিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রামে ঝুকিপূর্ণ এলাকায় হাজার হাজার মানুষের বসবাস একদিনে বন্ধ করা সম্ভব হবে না। ধাপে ধাপে কাজ করে পাহাড়ে জনবসতি কমিয়ে আনতে হবে।"
তিনি আরো বলেন, "পাহাড় ধসের পর গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী নগরীর ১০০ কিলোমিটারের মধ্যে সহজলভ্য পরিবহন ব্যবস্থা গড়ে তুলে শহরতলীতে লোকজনের বসবাসের ব্যবস্থা করা গেলে পাহাড়ে বসতির হার কমে আসবে। কম খরচে বিকল্প থাকার ব্যবস্থা করা না গেলে ছিন্নমূল মানুষ বারবার পাহাড়ে বসতি করবে।"
পাহাড় কেটে বসতি তৈরি বন্ধ করা না গেলে এ ধরনের মর্মান্তিক ঘটনার সংখ্যা আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/এমএইচবি/২১৫৬ ঘ.
bdnews24