ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রতিবছর দেশে কৃষি জমির পরিমাণ শতকরা একভাগ হারে হ্রাস পাচ্ছে। অথচ দিন দিন জনসংখ্যা বাড়ার কারণে খাদ্য চাহিদা বাড়ছে। তাই খাদ্য চাহিদা পূরণে কৃষি উৎপাদন উৎপাদন বাড়াতে হবে।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে জ্বালানি ও খাদ্য উপদেষ্টা তপন রায় চৌধুরী এ কথা বলেন।
অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা সি এম করিম আগামী প্রজন্মের জন্য খাদ্য চাহিদা পূরণ একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সীমিত পরিমাণ জমিতে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য আধুনিক প্রযুক্তি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে তপন রায় চৌধুরী কৃষি জমি কমার এই চিত্র তুলে ধরে বলেন, "বাড়তি এ খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষি উৎপাদন বাড়াতে হবে। গবেষণা কার্যক্রম জোরদার করতে হবে।"
তিনি বলেন, "দেশের মোট কৃষি জমির ৫৯ ভাগ ২০ ভাগ লোকের হাতে। অবশিষ্টাংশ ৮০ ভাগ প্রান্তিক চাষিদের হাতে। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সব শ্রেণীর কৃষককে আধুনিক প্রযুক্তির সহায়তা নিশ্চিত করতে হবে।"
সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে কৃষি উপদেষ্টা সি এম করিম বলেন, "খাদ্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রাকৃতিক বিপর্যয় একটি বড় অন্তরায়। বিশ্বব্যাপী খাদ্যশস্য থেকে বায়ো ফুয়েল উৎপাদনের কারণে উদ্বৃত্ত খাদ্যশস্য রপ্তানি হচ্ছে না।"
তিনি বলেন, "জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন ও নগরায়নের কারণে দেশের কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। অপরদিকে বাড়তি জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে হ্রাসকৃত জমিতে অধিক পরিমাণ ফসল উৎপাদন করতে হচ্ছে। এ পরিস্থিতিতে আগামী প্রজন্মের জন্য খাদ্য চাহিদা পূরণ একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়ানোর আধুনিক প্রযুক্তি কাজে লাগাতে হবে।"
কৃষি সচিব এম আব্দুল আজিজের সভাপতিত্বে সেমিনারে 'ফুড ফর অল: এ রাইটস্ বেজড অ্যাপ্রোচ ইন বাংলাদেশ পারসপ্রেক্টিভ' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজের পরিচালক ড. এম আসাদুজ্জামান।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সৈয়দ নকিব মুসলিম, বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকার্স, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের সাবেক চেয়ারম্যান ড. এনায়েত উল্লাহ প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২০০০ ঘ.
bdnews24