মানিকগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ফুপুর বিয়েতে এসে লাশ হয়ে ফিরল রাজধানীর লালবাগের এক পরিবারের তিন সদস্য। মঙ্গলবার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা যান তারা।
এরা হলেন, সোহাগ (২৮), আল আমিন (২২) ও নাহিদ (১০)। তারা পরস্পর চাচাতো ভাই এবং ঢাকার লালবাগের রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম নেওয়াজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েক দিন আগে ওই তিনজন সিঙ্গাইরের গোলড়া গ্রামে মৃত আবদুল কাদেরের বাড়ি আসেন। তারা তাদের ফুপু বেলার বিয়েতে যোগ দিতে এসেছিলেন।
সেলিম নেওয়াজ জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধলেশ্বরী নদীতে গোসল করার এক পর্যায়ে সোহাগ, আল আমিন ও নাহিদ ডুবে যান। পরে দুপুর একটার দিকে তাদের লাশ ভেসে উঠে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24