ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ ও পিরোজপুর জেলায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
বরিশাল প্রতিনিধি জানান, পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামে সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম(৩৮) নামে এক টেম্পুযাত্রী নিহত হন।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের নৈকাঠিগামী টেম্পুটি ভিটাবাড়ি ইউনিয়ন অতিক্রম করার সময় একটি সেতুর রেলিংয়ে ধাক্কা খায়। এতে আরোহী আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যায়।
রহিম ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতো। তার বাবার নাম সুলতান হাওলাদার।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, পাটুরিয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দুপুর ১টার দিকে শিবালয় উপজেলার উথলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারায় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পাটুরিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা রফিকুল ইসলাম। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআরডি/এমআই/১৪৩২ ঘ.
bdnews24