ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী, ঝিনাইদহ, ফেনী ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও কমপক্ষে ৫৩ জন আহত হয়েছেন।
আমাদের নোয়াখালী প্রতিনিধি জানান, জেলার বেগমগঞ্জে সোমবার তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ৪৮জন আহত হয়েছেন।
পুলিশ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জের লক্ষ্মীপুর সড়কের কালিকাপুরে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরগামী আল বারাকা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী শাহী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আল বারাকা পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের আরও ৪৮জন যাত্রী আহত হয়েছেন।
দুপুর ১২টার দিকে বেগমগঞ্জের একলাসপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেলে ট্রাকের হেল্পার সুমন নিহত হন।
এছাড়া, বিকেল ৫টার দিকে বেগমগঞ্জ থেকে সেনবাগ যাওয়ার পথে খন্দকার ইটভাটার কাছে একটি মোটর সাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী রনজিত দাশ ঘটনাস্থলেই মারা যান।
রনজিত দাশ স্থানীয় পাক্ষিক লোকসংবাদের সাংবাদিক। দুর্ঘটনায় মোটর সাইকেলের আরেক আরোহী জহির গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা যায়নি।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক রবিউল হোসেন দুর্ঘটনা তিনটির সত্যতা নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলার বারোবাজার ও শেখ পাড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং আহত হয়েছেন আরও দুই জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারো বাজারে রোববার রাত সাড়ে ৯টায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়লে একজন নিহত এবং আহত হন আরও দুই জন।
নিহত ব্যক্তির নাম মুন্না (৪৫)। তার বাড়ি যশোর সদর উপজেলার রহমতপুর গ্রামে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া, সোমবার সকাল সাড়ে ১০টায় অন্য একটি দুর্ঘটনায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শেখ পাড়া নামক স্থানে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাইফুল (২৮) নামে একজন নিহত হন।
সাইফুলের বাড়ি শৈলকুপা উপজেলার যুগিপাড়া গ্রামে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, ট্রাকটি আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পলাতক।
চট্টগ্রাম প্রতিনিধি জানান, ফেনী শহরের নিকটবর্তী লালপুর এলাকায় বাস দুর্ঘটনায় আহত আরিফুর রহমান (৩) নামের এক শিশু রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছে।
চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মো. জয়নাল জানান, সোমবার বিকেলে ফেনীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিলে আরিফসহ কয়েকজন গুরুতর আহত হন। তাকে প্রথমে ফেনী হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। এখানে রাত সাড়ে সাতটার দিকে শিশুটি মারা যায়। তার বাবাও আহত হয়েছেন।
চট্টগ্রামের আনোয়ারা ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জয়নাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আনোয়ারার ফকিরের হাট এলাকায় দুপুরে একটি সিএনজি অটোরিকশাকে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনজন আহত হন। এদের চমেক হাসপাতালে নিয়ে আসার পর মো. ইসমাইল (৪০) মারা যান। তার বাড়ি বোয়ালখালী উপজেলার ডেঙ্গুয়া গ্রামে।
মো. জয়নাল জানান, আহত সাজ্জাদ হোসেন (১৫) ও নিমাই দাশ (২৮) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরা সবাই সিএনজি অটোরিকশা যাত্রী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় একটি বাসের ধাক্কায় রোববার গভীর রাতে মো. ফারুক নামে এক যুবক নিহত হয়েছেন।
বার আউলিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, মাদামবিবির হাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাত সাড়ে ১২টার দিকে বাসের ধাক্কায় ফারুক ঘটনাস্থলেই নিহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিসি/জিএনএ/এমসি/আরএআর/ডিডি/এসএনডি/এমএসবি/০০১২ ঘ.
bdnews24