২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় কারাগারে ঈদ জামাত

ঢাকা কেন্দ্রীয় কারাগারেও রোববার উদযাপিত হয়েছে ঈদ। বন্দিদের ঈদ জামাত আর হাসিমুখে একে অপরের সঙ্গে কুশল বিনিময় দেখে মনে হয়নি তারা কারাগারে আছেন। সাধারণ, ভিআইপি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিরা ঈদের নামাজ আদায় করেছেন আলাদা জামাতে। এর পর তাদের জন্য ছিল বিশেষ খাবারের আয়োজন। কারাবন্দিরা কিভাবে ঈদের দিনটি অতিবাহিত করেন দেখার জন্য এবারই প্রথম কারা কর্তৃপক্ষ গণমাধ্যমকে অনুমতি দিয়েছিল। কারা মহাপরিদর্শক জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের কারা সংস্কার উদ্যোগের অংশ হিসেবেই এ প্রথম সাংবাদিকদের কারাগারে বন্দিদের ঈদ উদযাপন দেখার সুযোগ দিয়েছেন। সকাল সাতটায় কারাগারের প্রবেশের সময় প্রধান ফটকে সাংবাদিকদের হাতে কালির ছাপ দিয়ে দেওয়া হয়। বন্দিদের জন্য কারা কর্তৃপক্ষের আয়োজন দেখে এবং তাদের রান্না সেমাই খাওয়া শেষে দেড় ঘন্টা পর সাংবাদিকরা কারাগার থেকে বেরিয়ে আসেন। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার লিটন হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2007, 04:07 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা কেন্দ্রীয় কারাগারে রোববার অন্য রকম ঈদ উদযাপিত হয়েছে। বন্দিদের ঈদ জামাত আর হাসিমুখে একে অপরের সঙ্গে কুশল বিনিময় দেখে মনে হয়নি তারা কারাগারে আছেন। ঈদ জামাতের পরে তাদের জন্য ছিল বিশেষ খাবারের আয়োজন। কারাবন্দিরা কিভাবে ঈদের দিনটি অতিবাহিত করেন দেখার জন্য এবারই প্রথম কারা কর্তৃপক্ষ গণমাধ্যমকে অনুমতি দিয়েছিল। সকাল সাতটায় কারাগারের প্রবেশের সময় প্রধান ফটকে সাংবাদিকদের হাতে কালির ছাপ দিয়ে দেওয়া হয়। পরে কারারক্ষীদের সেই ছাপ দেখিয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন তারা। ঊৎসবের এ দিনে লাল ইটের কেন্দ্রীয় কারাগার সাজানো হয়েছিল ঈদ মোবারক লেখা ব্যানার, ফেষ্টুন ও বর্ণিল কাগজে। ঈদ জামাত হয়েছে তিনটি। একটি সাধারণ বন্দিদের জন্য। অন্যটি ভিআইপি বন্দিদের। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের জন্য আলাদা একটি সংরক্ষিত স্থানে জামাত হয়েছে। ঈদের প্রথম জামাতের সময় নির্ধারিত ছিল সকাল সাড়ে সাতটায়। মেঘনা এবং যমুনা সেলের মাঝামাঝি খালি জায়গায় সামিয়ানা নিচে এ জামাত অনুষ্ঠিত হয় তার ২০ মিনিট পর। এতে ইমামতি করেন কারাবন্দি অলিউল্লাহ। কয়েক হাজার বন্দি এই জামাতে অংশ নেন। সাংবাদিকসহ কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারাও বন্দিদের সঙ্গে এক কাতারে নামাজ পড়েন। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আজিুজুল বারী হেলাল, ওর্য়াড কমিশনার চৌধুরী আলম ও খাজা হাবিবও এই জামাতে ছিলেন। তবে সোনালী ব্যাংকের সিবিএ নেতা বিএম বাকির হোসেন জামাতের কাতারের প্রথম সারিতে এসে বসলে কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীর অনুরোধে তিনি চলে যান। বাকির হোসেন পরে কোথায় নামাজ আদায় করেছেন জানা যায়নি। এরপর সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাত হয় কর্ণফুলি সেলের পাশে। এখানে ভিআইপি বন্দিরা নামাজ আদায় করেন। এ জামাতে ইমামতি করেন হাফেজ আবুল কাশেম। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমানসহ বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী ও সাংসদরা এই জামাতে অংশ নেন। নিরাপত্তার কারণে সাংবাদিকদের এ জামাতের কাছাকাছি যেতে দেওয়া হয়নি। কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী জানান, ''ভিআইপি বন্দিদের জন্য আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছে।'' এই জামাতে অংশ নিতে যাওয়ার সময়ে ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের কাছে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কারা কর্তৃপক্ষের অনুরোধে তিনি ফিরে যান। সাংবাদিকদের পক্ষ থেকে ভিআইপি বন্দিদের জামাত দেখার জন্য কারা মহাপরিদর্শককে বেশ কয়েকবার অনুরোধ জানালে তিনি বলেন, '' কিছু বাধ্যবাধকতার কারণে সেখানে আপনাদের যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়।'' রাজধানীতে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা (এসি) আকরামকে নতুন পায়জামা পাঞ্জাবী পরা ছুটাছুটি করতে দেখা যায়। সাবেক ওয়ার্ড কমিশনার শফিকুল ইসলাম সেন্টুকে দেখা গেছে হাস্যোজ্জ্বল। কারাগারের ভেতরে ভিআইপি বন্দিদের ঈদ উদযাপন সর্ম্পকে সাধারণ বন্দিরা জানান, ভিআইপি বন্দিদের সবাই ঈদের নামাজ পড়েছেন। নামাজ শেষে তারা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেছেন। বিএনপি-আওয়ামী লীগ বলে এখানে কোনো ব্যবধান ছিল না। তাদের সবার পরনে নতুন পায়জামা পাঞ্জাবী ছিল। সাংবাদিকরা দেড় ঘন্টা ধরে কারাগারে বন্দিদের ঈদ উদযাপন দেখেন। কারাগারে ঈদ উদযাপন দেখতে যাওয়া সাংবাদিকদের পরিবেশন করা হয় বন্দিদের নিজেদের রান্না করা সেমাই। পরে কারা মহা পরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মো: জাকির হাসান কারা সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের বলেন, '' কারাগার সর্ম্পকে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা দূর করতে বর্তমানে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ সর্ম্পকে মানুষকে জানাতেই সাংবাদিকদের কারাগারে ঈদ উদযাপন দেখার সুযোগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/০০০৭ ঘ.