মৌলভীবাজার, ১৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -পাওনা টাকা চাওয়ায় শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারে শনিবার সন্ধ্যা সাতটার দিকে লেদু মিয়া (৪৮) নামে এক পান দোকানি খুন করা হয়েছে।
ঘটনার পরপরই জনতা স্থানীয় লছনা বাজারে জিয়া (২২) নামের এক ব্যক্তিকে আটত করে গণপিটুনি দেয়। পরে পুলিশে সোপর্দ করে।
নিহতের ভাই ভূনবীর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আমিরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার ভাই লেদু মিয়া ভূনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামের আবদুর রউফের কাছে প্রায় ৭ হাজার টাকা পাওনা ছিলেন। এ টাকা চাওয়ায় শনিবার সন্ধ্যায় লেদু মিয়া ও আবদুর রউফের মধ্যে কথা কাটাকাটি হয়। উপস্থিত লোকজন দুজনকে শান্ত করে।
তিনি জানান, সন্ধ্যা সাতটার দিকে প্রতিবেশী কাদির মিয়ার দোকানে বসে লেদু মিয়া চা খাচ্ছিলেন। ওই সময় আবদুর রউফের ছেলে জিয়া অতর্কিতে পিছন থেকে লেদু মিয়ার পিঠে ড্যাগার দিয়ে কোপ দেয়।
স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় লেদু মিয়াকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তিনি মারা যান।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর লেদু মিয়ার হত্যাকারী জিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন পিছু ধাওয়া করে প্রায় তিন কিলোমিটার দূরে লছনা বাজারে তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলছে।
জিয়াকে আসামী করে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জাকের হোসাইন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২৩৪৩ ঘ.
bdnews24