আবু নোমান সজীব
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদে ঘরমুখো হাজার হাজার মানুষকে ঢাকা থেকে পাটুরিয়ার পথে পথে যানজটের কারণে শুক্রবার সকালে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। অবশ্য কর্তৃপক্ষের তৎপরতায় বেলা ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
শুক্রবার সকাল থেকেই গাবতলীর আমিন বাজার হয়ে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত প্রায় ৭৬ কিলোমিটার সড়কে শত শত বিভিন্ন ধরনের যানবাহনকে এক সঙ্গে রাস্তা দখলের প্রতিযোগিতায় নামতে দেখা যায়। মানিকগঞ্জের তড়াসেতু টোল কেন্দ্রের কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি এবং এর আধা কিলো মিটার আগে আরও একটি বাস বিকল হলে যানজট বেড়ে যায়। ঘটনাস্থল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক আবু নোমান সজিব জানান এক সময় যানজট প্রকট আকার নিলে ঢাকা - আরিচা মহাসড়কের উভয়পাশেই দখল করে ফেলে নানান ধরনের গাড়ি। এতে ঢাকায় প্রবেশমুখী গাড়িগুলোকে বিপাকে পড়তে হয়।
সকালে পাটুরিয়া ঘাটে পৌঁছে দেখা যায়, ফেরি স্বল্পতার কারণে ঘাটের প্রায় এক কিলোমিটার আগে থেকে সৃষ্টি হয়েছে যানজট। অসংখ্য যাত্রী লঞ্চ না পেয়ে হুড়োহুড়ি করে ফেরিতে, নৌকায় ও ট্রলারে নদী পারাপারের প্রতিযোগিতায় নামেন।
আবার বাসে সিট না পেয়ে 'ঈদ স্পেশাল সার্ভিস' বিপুল সংখ্যক ট্রাকে করেই শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে স্বপরিবারে গাদাগাদী করেই বাড়িমুখী হতে।
দৌলতদিয়া বাসস্ট্যান্ডে পৌঁছে দেখা যায়, ভিন্ন চিত্র। সেখানে দক্ষিণবঙ্গমুখী বাসের জন্য হাজার হাজার মানুষ পরিবার - পরিজন নিয়ে বাক্স-প্যাটরাসহ আক্ষরিক অর্থেই রাস্তায় বসে অপেক্ষার প্রহর গোনেন।
এদেরই একজন রাদেশা বেগম (৩৮)। ছোট - ছোট সাতজন ছেলেমেয়ে নিয়ে একটি ট্রাঙ্কের ওপর বসে তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন। বললেন, "সেই ভোর রাইতে সেহরি খাইয়া টঙ্গী থিকা রওনা দিছি বাগেরহাট যামু বইলা। টঙ্গী থিকা পাটুরিয়ার লোকাল বাসের ভাড়া একজনে ৪০ টাকা কইরা। অথচ আইজকা দিছি ৮০ টাকা কইরা। তারবাদে নদী পার হইছি ফেরিতে। অখন খুলনা বা বাগেরহাটের গাড়ির জন্য বইসা আছি।"
সাভার প্রতিনিধি জানান, সাভারে বেলা ১২ টার পর থেকে যানজট পরিস্থিতি মোটামুটি সহনীয় হতে থাকে। তবে নবীনগর - কালিয়াকৈর সড়কে এখনো তীব্র যানজট চলছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ইপিজেড এলাকার তৈরি পোষাক কারখানাগুলো বন্ধ হয়ে গেলেও ঈদের ছুটিতে তখনই শ্রমিকরা বাড়িমুখী হতে পারেননি। শুক্রবার সকালে হাজার হাজার শ্রমিক বাড়িতে ফেরার জন্য সাভারে এসে রাস্তার ওপর জটলা করলে যানজট দেখা দেয়। বেশ কয়েকটি লোকাল বাস এলোপাতাড়ি চলাচল করতে গিয়ে যানজট আরও বাড়ায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সাভারের পরিস্থতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/বিআর/জিএনএ/১৩০০ঘ.
bdnews24