২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পাট শ্রমিকদের ঘরে ঈদের আমেজ নেই

বাচ্চাদের নতুন জামা ও সুস্বাদু খাবার ছাড়াই এবারের ঈদ করতে হচ্ছে খুলনার খালিশপুর ও আটরা শিল্পাঞ্চলের ১০ হাজার শ্রমিক পরিবারকে। ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানের দেওয়া প্রতিশ্র"তির বাস্তবায়ন হয়নি। বন্ধ হওয়া পিপলস জুটমিলসহ রাষ্ট্রায়ত্ত পাঁচটি পাটকলের পাওনা বঞ্চিত শ্রমিকদের ঈদের আগে টাকা পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 07:15 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

খুলনা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাচ্চাদের নতুন জামা ও সুস্বাদু খাবার ছাড়াই এবারের ঈদ করতে হচ্ছে খুলনার খালিশপুর ও আটরা শিল্পাঞ্চলের ১০ হাজার শ্রমিক পরিবারকে। ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানের দেওয়া প্রতিশ্র"তির বাস্তবায়ন হয়নি। বন্ধ হওয়া পিপলস জুটমিলসহ রাষ্ট্রায়ত্ত পাঁচটি পাটকলের পাওনা বঞ্চিত শ্রমিকদের ঈদের আগে টাকা পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। শুক্রবার সকাল থেকে শ্রমিকরা মিলগেটে অবস্থান নিলেও দুপুর পর্যন্ত কর্তৃপক্ষের কাউকে সেখানে দেখা যায়নি। ঈদের আগে পাওনা না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন পাটকল শ্রমিকরা। গত কয়েকদিন ধরে তারা ধারাবাহিকভাবে অবস্থান ধর্মঘটসহ বিক্ষোভ প্রদর্শন করছে। শ্রমিকদের হাতে লাঞ্ছিত হয়েছেন কয়েকজন মিল কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিল এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো যখন পুরোপুরি সচল ছিল তখন সপ্তাহের শেষ ও ঈদের আগের দিন হলে খালিশপুর আটরা ও রাজঘাট শিল্পাঞ্চলে উৎসবের আমেজ বইতো। কিন্তু এখনকার ছবি পুরো আলাদা। রাষ্ট্রায়ত্ত পাটকল পিপলস গত ১ আগস্ট বন্ধ হয়। এ পাটকলের শ্রমিকদের মজুরি পরিশোধ করা হলেও গ্র্যাচুইটিসহ বিভিন্ন ভাতা মেটানো হয়নি। আবার আটরা শিল্পাঞ্চলের আলীম জুট মিলটি লে-অফ হওয়ায় সেখানকার শ্রমিকরাও পাচ্ছে না কোনো মজুরি। ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ন জুট মিলের সাড়ে তিন হাজার অবসরে যাওয়া শ্রমিকদের পাওনা পরিশোধে এখনও কোনো সিদ্ধান্ত না হওয়ায় সব পাটকলেই উত্তেজনা রয়েছে। প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি দেলোয়ার হোসেন বলেন, অবসরে যাওয়া ও ছাঁটাই হওয়া প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক ও কর্মচারী এ পর্যন্ত তাদের পাওনা বুঝে পাননি। ক্রিসেন্ট জুট মিলে এক হাজার ৩০৫ জন শ্রমিক, ৫৭ জন কর্মকর্তা ও ছয়জন কর্মচারীর পাওনা প্রায় সাড়ে ২৪ কোটি টাকা, প্লাটিনাম জুট মিলে ৬০৮ জন শ্রমিক, ৯০ জন কর্মকর্তা ও আট জন কর্মচারীর পাওনা পৌনে ৯ কোটি টাকা, স্টার জুট মিলে ৪৭৬ জন শ্রমিক, ৫০ জন কর্মকর্তা ও ১১ জন কর্মচারীর চার কোটি টাকা, আলীম জুট মিলের ১৭৪ জন শ্রমিক, ৪৫ জন কর্মকর্তা ও তিনজন কর্মচারীর প্রায় এক কোটি টাকা এবং ইস্টার্ন জুট মিলে ১৭৪ জন শ্রমিক, ৫০ জন কর্মকর্তা ও তিনজন কর্মচারীর প্রায় এক কোটি টাকা আছে বলে তিনি জানান। বিজেএমসি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম গত ৪ ও ১৯ সেপ্টেম্বরে খুলনা সফরে এসে পাটকলগুলোর প্রকল্প প্রধানদের সঙ্গে বৈঠক করে গোল্ডেন হ্যান্ডশেক, ছাঁটাই ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের পাওনা পরিশোধের প্রতিশ্র"তি দেন। ঈদের আগেই এই পাওনা পরিশোধ করা হবে বলে সে সময় জানানো হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্র"তির বাস্তবায়ন হয়নি। প্লাটিনাম জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক সৈয়দ আরব আলী, নূর মোহম্মদ, আজগর আলী, ইদ্রিস আলীসহ আরও কয়েকজন শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে পাওনার দাবিতে মিল কর্তৃপক্ষের কাছে তারা ধরনা দিচ্ছেন। প্রতিটি শ্রমিকেরই কয়েক লাখ করে টাকা পাওনা রয়েছে। গত বছর ঈদের সময় দেওয়া মিল কর্তৃপক্ষের চেক ভাঙিয়ে টাকা তুলতে পারেননি এমন শ্রমিকদের সংখ্যাও কম নয়। এদিকে, বিভিন্ন মিলের প্রায় আড়াই হাজার বদলি শ্রমিকও পাওনার দাবিতে আন্দোলনে নেমেছে। প্লাটিনাম জুট মিলের দেড় হাজার বদলি শ্রমিকের অধিকাংশেরই পাওনা ৩০ থেকে ৪০ হাজার টাকা। পাওনার দাবিতে গত সোমবার থেকে খালিশপুর ও আটরা শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন শ্রমিকদের হাতে লাঞ্ছিত হন প্লাটিনাম জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা আফতাব উদ্দীন আহমেদ, অফিস সহকারী নাসির উদ্দীন রাসু। এছাড়া, প্রকল্প প্রধান মহিউদ্দীন, পরিচালক অর্থ মো. শাহজাহানকে মিলে প্রবেশ করতে দেয়নি বিক্ষুব্ধ শ্রমিকরা। ক্রিসেন্ট জুট মিল গেটে বদলি শ্রমিকরা ১১ সপ্তাহের মজুরির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে গত রোববার থেকে। আটরা শিল্পাঞ্চলের আলীম জুট মিলে গত সোমবার থেকে শ্রমিক উত্তেজনা বিরাজ করছে। লে-অফ হওয়া এ মিলে শ্রমিকরা প্রতিদিনই অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করছে। ইস্টার্ন জুট মিলেও সোমবার থেকে রয়েছে উত্তেজনা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৩১৭ ঘ