২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের চাল রপ্তানি বন্ধ, সরকার বলছে আশঙ্কার কিছু নেই

ভারত বিশ্ববাজারে চাল রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের বাজারে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে দাবি করেছে সরকার। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে বলা হয়, দেশে যে পরিমাণ চাল ও গম মজুদ আছে তা দিয়ে যে কোনো দুর্যোগ বা সঙ্কট মোকাবেলা করা সম্ভব। ভারত সরকার গত ৯ অক্টোবর বাসমতি ছাড়া অন্য সব ধরনের চাল রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। এতে করে দেশের বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করে বৃহস্পতিবার কয়েকটি পত্রিকায় খবর ছাপা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 04:35 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভারত বিশ্ববাজারে চাল রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের বাজারে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে দাবি করেছে সরকার। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে বলা হয়, দেশে যে পরিমাণ চাল ও গম মজুদ আছে তা দিয়ে যে কোনো দুর্যোগ বা সঙ্কট মোকাবেলা করা সম্ভব। ভারত সরকার গত ৯ অক্টোবর বাসমতি ছাড়া অন্য সব ধরনের চাল রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। এতে করে দেশের বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করে বৃহস্পতিবার কয়েকটি পত্রিকায় খবর ছাপা হয়। সরকারের তথ্য বিবরণীকে ওই আশঙ্কাকে 'প্রকৃত তথ্য নির্ভর নয়' মন্তব্য করে বলা হয়, 'প্রয়োজনে প্রতিবেশী দেশ মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল আমদানি করা যাবে। ফলে ভারত চাল রপ্তানি বন্ধ করলেও দেশের বাজারে বিরূপ প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই।' এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি খাদ্য গুদামে ৫ লাখ ৬৬ হাজার ৫০৬ টন চাল এবং এক লাখ ৪১ হাজার ৩৬৬ টন গম মজুদ আছে। আরো ১ লাখ ৪৮ হাজার টন চাল সংগ্রহের প্রক্রিয়া চলছে। এছাড়া বর্তমানে চট্টগ্রাম বন্দরে ২৩ হাজার ৫০০ টন চাল খালাস হচ্ছে। বন্দরের বহিঃনোঙরে আরও ২১ হাজার ৫০০ টন চাল নিয়ে দুটি জাহাজ খালাসের অপেক্ষায় আছে। ঈদের পর আরও দুটি জাহাজে ৩০ হাজার টন চাল এসে পৌঁছাবে। ফলে বিতরণের পর চলতি মাসের শেষে চালের মজুদ দাঁড়াবে ৬ লাখ ৪৬ হাজার টন। তথ্য বিবরণীতে বলা হয়েছে, নভেম্বরের মাঝামাঝি আমন ধান কাটা শুরু হলে সরকার ২ লাখ চাল সংগ্রহ করবে। এ ছাড়া বিডিআরের মাধ্যমে ৩ লাখ টন পাওয়া যাবে। এতে ২০০৮ সালের জানুয়ারি মাসে চালের মজুদ দাঁড়াবে ৮ লাখ ৭১ হাজার টন। সরকার আশঙ্কা না থাকার বলেলেও ভারতের চাল রপ্তানি বন্ধের ঘোষণায় শঙ্কিত বাংলাদেশের চাল ব্যবসায়ীরা। বেনাপোলের চাল আমদানীকারক শাহাদত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের আমদানি করা চালের বেশিরভাগ আসে ভারত থেকে। ভারত ছাড়া অন্য দেশ থেকে চাল আমদানি করলে খরচ বেশি পড়ে। ফলে ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রভাব দেশের বাজারে পড়ার আশঙ্কা থাকছেই।" তিনি জানান, গত মাসেও ভারত থেকে প্রতি টন চাল ৩০০ ডলারে কেনা হয়েছে। মিয়ানমার বা থাইল্যান্ড থেকে চাল আনতে হলে টন প্রতি ৫০ থেকে ১০০ ডলার বেশি খরচ হবে। ভারতের চাল রপ্তানিকারক অনুপ কুমার আগরওয়ালের উদ্ধৃতি দিয়ে আমাদের বেনাপোল প্রতিনিধি জানান, সেদেশের সরকার আগামী তিন মাসের জন্য চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে থেকে চাল রপ্তানি আবার চালু হবে সে বিষয়ে ভারত সরকারের কোনো নির্দেশনা বৃহস্পতিবার পর্যন্ত ভারতের পেট্রাপোল এলসি ষ্টেশনে এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন পেট্রাপোল ক্লিয়ারিং স্টাফ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উত্তম ঘোষ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/টিএইচ/জেকে/এমএইচবি/২২০৫ ঘ.